মুখ্যমন্ত্রী পদ ছাড়তেই ইডির কোপে পিনারাই বিজয়ন! বাড়িতে সাতসকালে তল্লাশি, কী অভিযোগ?

মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পরপরই চরম বিপাকে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বুধবার সাতসকালে পিনারাই বিজয়নের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু বাড়ি নয়, কেরলের মোট ১০টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা।
কী এই দুর্নীতি মামলা?
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ‘কোচি মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড’ (CMRL) সংক্রান্ত একটি আর্থিক দুর্নীতি মামলায় এই অভিযান চালানো হচ্ছে। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা টি বীণা। অভিযোগ উঠেছে যে, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ‘এক্সালজিক সলিউশন’ নামক একটি সংস্থা সিএমআরএল-র কাছ থেকে কোনো পরিষেবা না দেওয়া সত্ত্বেও ১.৭২ কোটি টাকা গ্রহণ করেছে। টি বীণা এই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় ইডির স্ক্যানারে উঠে এসেছে তাঁর নাম।
হাইকোর্টের সবুজ সংকেত
ইডি সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই ওই সংস্থার বিরুদ্ধে ঘুষ দেওয়া এবং আর্থিক তছরুপের অভিযোগ ছিল। গতকালই কেরল হাইকোর্ট এই সিএমআরএল দুর্নীতি মামলায় ইডির তদন্ত প্রক্রিয়া বাতিল করার আর্জি খারিজ করে দেয়। আদালতের এই রায়ের পরেই আজ সকালে কেন্দ্রীয় সংস্থা চূড়ান্ত তৎপরতায় তল্লাশি শুরু করে।
রাজনৈতিক চাপানউতোর
পিনারাই বিজয়নের নাম এই দুর্নীতির সঙ্গে সরাসরি না জড়ালেও, তাঁর কন্যার সংস্থার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ নিয়ে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। ভোটের আগে থেকেই এই ইস্যু নিয়ে বিজয়নকে লাগাতার আক্রমণ করে আসছিল বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদ হারানোর ঠিক পরেই ইডির এই তল্লাশি অভিযান প্রাক্তন মুখ্যমন্ত্রীর অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হচ্ছে। এই মামলায় আর্থিক লেনদেনের শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত, তা জানতেই এই অভিযান।