দিদির ঘরেই এবার মোদীর পাহারা! মমতা-অভিষেকের নিরাপত্তা কমতেই কাকলির বাড়িতে কেন হাজির কেন্দ্রীয় বাহিনী?

রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ রদবদল। যেখানে খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কাটছাঁট করা হয়েছে, ঠিক সেখানেই উলটপুরাণ ঘটল বারাসতের বিদায়ী তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ক্ষেত্রে। রাতারাতি বাড়িয়ে দেওয়া হলো তাঁর নিরাপত্তা।

এক ধাক্কায় কাকলি ঘোষ দস্তিদারকে দেওয়া হলো কেন্দ্রীয় ‘ওয়াই’ (Y) ক্যাটেগরির নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফ থেকে এই হাইপ্রোফাইল নিরাপত্তা মঞ্জুর করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সকাল থেকেই কড়া পাহারা:
আজ, বুধবার সকাল থেকেই তৃণমূলের এই প্রভাবশালী নেত্রীর বাড়ির সামনে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আকস্মিক এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যখন শাসকদলের শীর্ষ দুই নেতার নিরাপত্তা কমানো নিয়ে চাপানউতোর তুঙ্গে, ঠিক সেই সময়েই তৃণমূলেরই অন্য এক নেত্রীকে দিল্লির এই বিশেষ ‘সুরক্ষা কবচ’ দেওয়ার নেপথ্যে কী সমীকরণ রয়েছে, তা নিয়ে উঠছে অজস্র প্রশ্ন।

কোন বিশেষ কারণ বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কাকলি ঘোষ দস্তিদারকে এই হাইপ্রোফাইল কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো? এর পেছনে কি অন্য কোনো রাজনৈতিক ইঙ্গিত রয়েছে?