ভোট বাতিলের পর ফলতায় জনজোয়ার! অভিষেককে খোঁচা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, “পুলিশ নেই, তাই নেতাও গায়েব”

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। তবে ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট পুরোপুরি বাতিল ঘোষণা করায়, আগামী বৃহস্পতিবার সেখানে নতুন করে নির্বাচন হতে চলেছে। এই হাইভোল্টেজ পুনর্নির্বাচনকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।
রবিবার ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রেকর্ড জনসমাগমের মাঝে দাঁড়িয়ে তিনি শাসকদল এবং বিশেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের অনুপস্থিতি নিয়ে খোঁচা দিয়ে শমীক ভট্টাচার্য ব্যঙ্গাত্মক সুরে বলেন, “ডিজে বাজাতে গিয়ে এখন বাড়িতে হারমোনিয়াম বাজাচ্ছেন!” তিনি আরও দাবি করেন, ভোটের ফল প্রকাশের পর শাসকদলের প্রথম সারির নেতাদের আর মাঠে দেখা যাচ্ছে না। তাঁর কথায়, “পুলিশ পাশে নেই, তাই আজ নেতারাও গায়েব। কোনো কনভয় নেই, তাই সেই গর্জনও আর শোনা যাচ্ছে না।”
তৃণমূলের গড় বলে পরিচিত এই এলাকায় দাঁড়িয়ে শমীক ভট্টাচার্য চ্যালেঞ্জের সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলতায় এসে প্রচার করার আহ্বান জানান। রসিকতার সুরে তিনি বলেন, “হে বীর, তোমাকে আমরা ভীষণ মিস করছি। তুমি দয়া করে এখানে এসো।” তিনি আশ্বাস দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে এলে বিজেপি কর্মীরা তাঁকে ফুল ও শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানাবেন।
নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে ফলতার এই পুনর্নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে আশাপ্রকাশ করেছে গেরুয়া শিবির। একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দলীয় কর্মীদের জয়ের ব্যবধান আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ভোট বাতিলের পর এই কেন্দ্রটি কার দখলে যায়, এখন সেদিকেই নজর রয়েছে গোটা রাজ্যের রাজনৈতিক মহলের।