ভোটের ফল বেরোতেই মমতাকে নজিরবিহীন আক্রমণ অগ্নিমিত্রার! “মা সারদা” মন্তব্যের পাল্টায় তোলপাড় রাজ্য রাজনীতি

রাজ্যে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়াল গেরুয়া শিবির। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত মন্তব্য এবং তাঁর রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে নজিরবিহীন ও তীব্র ভাষায় আক্রমণ শানালেন নবনিযুক্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিদায়ী মুখ্যমন্ত্রীর আত্মঅহংকারকে রাজ্যের সাধারণ মানুষ ব্যালট বাক্সে যোগ্য জবাব দিয়েছে বলে দাবি তাঁর।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে বলেন, “উনি নিজেকে মা সারদা ভাবতেন! নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যেখানে সাধারণ মানুষের কোনো স্থান ছিল না। কিন্তু বাংলার মানুষ এবার বুঝিয়ে দিয়েছে ওঁর আসল জায়গাটা ঠিক কোথায়।” অগ্নিমিত্রার দাবি, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সাধারণ মানুষের ক্ষোভকে বুঝতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর সেই কারণেই রাজ্যের এই রাজনৈতিক পরিবর্তন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার বিভিন্ন নকশা এবং সরকারি লোগো পরিবর্তনের প্রসঙ্গ টেনেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তিনি স্পষ্ট জানান, রাজ্যের পূর্বতন সরকারের তৈরি করা সমস্ত ‘বিকট শিল্প’ এবং অপ্রয়োজনীয় প্রতীক সরিয়ে সেখানে জাতীয় মর্যাদার প্রতীক স্থাপন করা হচ্ছে। ‘বিশ্ব বাংলা’ লোগো আউট হয়ে সরকারি দফতরে অশোকস্তম্ভ ফিরে আসাকে কেন্দ্র করে যে চর্চা শুরু হয়েছে, তাকেও সমর্থন জানান তিনি।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল যখন নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন অগ্নিমিত্রা পালের এই “মা সারদা” সংক্রান্ত ব্যক্তিগত আক্রমণ রাজ্যের রাজনৈতিক পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। ক্ষমতা হারানোর পর মমতাকে নিয়ে নতুন সরকারের মন্ত্রীদের এই আক্রমণাত্মক মনোভাব আগামী দিনে রাজ্য রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।