বদলল দীর্ঘদিনের নিয়ম! এ বার বাংলার স্কুলে ক্লাস শুরুর আগে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, প্রমাণ দিতে করতে হবে ভিডিও রেকর্ডিং

বাংলায় পালাবদলের পর প্রশাসনিক স্তরে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে নবনিযুক্ত বিজেপি সরকার। এ বার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে জারি হল এক ঐতিহাসিক নির্দেশিকা। এখন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে সকালের প্রার্থনাসভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষা দফতরের কড়া নির্দেশ
গত ১৩ই মে স্কুল শিক্ষা দফতরের অধিকর্তা রাজ্যের সমস্ত স্কুল প্রধানদের একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, অবিলম্বে সমস্ত স্কুলে সকালের জমায়েতে ছাত্রছাত্রীদের ‘বন্দে মাতরম’ গাইতে হবে। শুধুমাত্র মৌখিক নির্দেশ নয়, এই প্রক্রিয়া সঠিকভাবে পালিত হচ্ছে কি না, তার প্রমাণ হিসেবে ভিডিও রেকর্ডিং রাখারও নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। সরকারের এই পদক্ষেপকে জাতীয় প্রতীকের প্রতি সম্মান প্রদর্শনের একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।

আইনি কড়াকড়ির পথে কেন্দ্র ও রাজ্য
উল্লেখ্য, ১৯৭১ সালের ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন’-এ সংশোধনী আনার তোড়জোড় চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত এই সংশোধনী অনুযায়ী, ‘বন্দে মাতরম’ গাওয়ায় বাধা দেওয়া বা অবমাননা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। সেই আবহেই পশ্চিমবঙ্গের নতুন সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তালিকায় এখন তিন গান: বিপাকে স্কুল কর্তৃপক্ষ?
এতদিন রাজ্যের স্কুলগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন গণ মন’ জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হত। পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে ‘বাংলার মাটি বাংলার জল’-কেও রাজ্য সঙ্গীত হিসেবে বাধ্যতামূলক করা হয়েছিল। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ এই তালিকায় যুক্ত হওয়ায় কার্যত ‘ত্র্যহস্পর্শ’ তৈরি হয়েছে স্কুলগুলিতে।

অনেক স্কুল প্রধানই এই নতুন নিয়ম নিয়ে ধন্দে পড়েছেন। তাঁদের বক্তব্য, প্রার্থনাসভায় পর পর তিনটি গান গাইলে অনেকটা সময় ব্যয় হবে, যার ফলে ক্লাস শুরু করতে দেরি হতে পারে। এক স্কুল অধ্যক্ষের কথায়, “জাতীয় সঙ্গীত আমরা বাদ দিতে পারি না। এখন যদি ‘বন্দে মাতরম’ এবং ‘বাংলার মাটি বাংলার জল’—সবই গাইতে হয়, তবে খুদে পড়ুয়াদের মনোযোগ ধরে রাখা কঠিন হবে। নির্দেশিকায় রাজ্য সঙ্গীত নিয়ে আলাদা করে কিছু বলা না থাকলেও, তিনটি গান গাইতে গিয়ে সময়ের সংস্থান করা বড় চ্যালেঞ্জ।”

গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিশেষ নির্দেশিকা জারি করেছিল। এ বার সেই পথেই হাঁটল বাংলার নতুন মন্ত্রিসভা।