উচ্চ মাধ্যমিকে সাফল্যের জোয়ার! ৯১ শতাংশের বেশি পাস, কৃতিদের অভিনন্দন জানিয়ে কী লিখলেন মুখ্যমন্ত্রী?

অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় সাফল্যের হার নজর কেড়েছে রাজ্যের শিক্ষামহলকে। পাসের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। তবে ফলাফলের পরিসংখ্যানে সবথেকে বেশি চমক দিয়েছে ছাত্রীরা। পাসের হারের নিরিখে ছেলেদের রীতিমতো টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে মেয়েরা।
সাফল্যের এই খবর সামনে আসতেই রাজ্যের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের আগামীর পথচলার জন্য উৎসাহ দেন।
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং আত্মবিশ্বাস আজ সাফল্যের রূপ নিয়েছে।”
ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি আরও বলেন, “জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে অর্জিত এই সাফল্য আগামী দিনের পথ চলায় আরও বড় স্বপ্নের অনুপ্রেরণা জোগাক। তোমরা জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হও। পরিবার, সমাজ তথা রাজ্যের মুখ উজ্জ্বল করো—এই কামনাই করি। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ।”
এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় যেমন জেলাগুলোর জয়জয়কার দেখা গিয়েছে, তেমনই কলকাতা থেকেও প্রথম দশে স্থান করে নিয়েছেন ৪ জন কৃতি শিক্ষার্থী। সামগ্রিকভাবে এবারের পাসের হার এবং ছাত্রীদের অভাবনীয় সাফল্য রাজ্যের শিক্ষা মানচিত্রের এক ইতিবাচক দিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্কুল স্তরের গণ্ডি পেরিয়ে এবার উচ্চশিক্ষার আঙিনায় পা রাখতে চলা এই নতুন প্রজন্মের জন্য মুখ্যমন্ত্রীর এই অভিনন্দন বার্তা বাড়তি উদ্দীপনা জোগাবে বলে মনে করা হচ্ছে।