“বুদ্ধ মূর্তি থেকে বাঘ-ময়ূর”—TMC বিধায়কের রাজকীয় বাড়ি দেখে চক্ষুচড়কগাছ তদন্তকারীদের!

বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে টানটান উত্তেজনা। পৈলানে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিশাল রাজপ্রাসাদে আচমকাই হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এক বিশাল টিম। ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকদের এই অতর্কিত অভিযানে কার্যত হতবাক স্থানীয় বাসিন্দারা।
ভিডিও বিতর্ক ও পুলিশের অ্যাকশন
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি দিলীপ মণ্ডলের একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ (FIR) দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে বিষ্ণুপুর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় জওয়ানরা বিধায়কের বাড়িতে পৌঁছে যান। তল্লাশি চালানো হয় পৈলানে অবস্থিত বিধায়কের দুটি বাড়িতেই।
রাজকীয় অন্দরমহল দেখে তাজ্জব তদন্তকারীরা
বিধায়কের বাড়ির আভিজাত্য দেখে রীতিমতো অবাক পুলিশ কর্মীরা। বিশাল লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে সুদীর্ঘ সাজানো লন। বাগানের আনাচে-কানাচে শোভা পাচ্ছে বুদ্ধ মূর্তি থেকে শুরু করে বাঘ ও ময়ূরের বিশালাকার মূর্তি। বাইরে থেকে দেখলে একে বাড়ি নয়, বরং কোনো আধুনিক রিসর্ট বলেই ভুল হতে পারে। তবে পুলিশি অভিযানের সময় বিধায়ক দিলীপ মণ্ডল বাড়িতে উপস্থিত ছিলেন না বলেই জানা গেছে।
কোথায় বিধায়ক?
গতকালই বিধানসভায় শপথ নিয়েছিলেন বিধায়ক। কিন্তু আজ সকালে পুলিশের আগমনের খবর পেতেই তিনি কোথায় গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ টিম বিধায়কের বাড়ির অন্দরমহল ও সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালায়।
ভোট পরবর্তী পরিস্থিতিতে যখন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাক পরে হাইকোর্টে কর্মীদের হয়ে সওয়াল করছেন, ঠিক সেই সময় দলেরই এক বিধায়কের বাড়িতে এই পুলিশি হানা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ভাইরাল ভিডিওর তদন্তে পুলিশ আর কী কী তথ্য পায় এবং বিধায়কের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেটাই দেখার।