PPF ম্যাজিক: অবসরের পর মাসে আসবে ১ লাখ টাকা! কোটিপতি হওয়ার এই সিক্রেট জানতেন কি?

সাধারণ মানুষের কাছে নিরাপদ বিনিয়োগের শেষ কথা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। সরকারি সুরক্ষা এবং নিশ্চিত করমুক্ত রিটার্নের কারণে মধ্যবিত্তের প্রথম পছন্দ এটি। কিন্তু আপনি কি জানেন, সঠিক পরিকল্পনা করলে এই পিপিএফ-ই আপনাকে অবসরের পর কোটিপতি বানিয়ে দিতে পারে? এমনকি চাকরি থেকে অবসর নেওয়ার পরেও প্রতি মাসে হাতে আসতে পারে ১ লক্ষ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, গণিত বলছে এটি সম্ভব।

কিভাবে কাজ করবে এই কোটিপতি ফর্মুলা?
পিপিএফ-এর নিয়ম অনুযায়ী, এর প্রাথমিক মেয়াদ ১৫ বছর। তবে চাইলে ৫ বছরের ব্লকে এই মেয়াদ বারবার বাড়ানো যায়। ধরুন, কোনো ব্যক্তি ৩০ বছর বয়সে পিপিএফ অ্যাকাউন্ট খুললেন এবং বার্ষিক ১.৫ লক্ষ টাকা (মাসে ১২,৫০০ টাকা) বিনিয়োগ শুরু করলেন। যদি তিনি ৫ বছর করে তিনবার মেয়াদ বাড়িয়ে মোট ৩০ বছর এই বিনিয়োগ চালিয়ে যান, তবে বর্তমান ৭.১০% সুদের হারে তার জমানো তহবিলের পরিমাণ দাঁড়াবে প্রায় ১,৫৪,৫০,৯১১ টাকা। অর্থাৎ, ৬০ বছর বয়সে পৌঁছানোর সময় ওই ব্যক্তি দেড় কোটি টাকার মালিক হবেন।

অবসরের পর মাসিক ১ লক্ষ টাকার ইনকাম
৬০ বছর বয়সে অবসর নেওয়ার পর অনেকেরই প্রধান চিন্তা থাকে নিয়মিত আয়ের। বিশেষজ্ঞরা বলছেন, পিপিএফ থেকে পাওয়া এই বিশাল অর্থ একবারে খরচ না করে যদি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা SWP-তে বিনিয়োগ করা হয়, তবেই কেল্লাফতে!

গাণিতিক হিসাব অনুযায়ী, যদি ওই ১ কোটি ৫৪ লক্ষ টাকা কোনো নিরাপদ ফান্ডে রাখা হয় যা বছরে অন্তত ৭% রিটার্ন দেয়, তবে সেখান থেকে পরবর্তী ২০ বছর ধরে প্রতি মাসে অনায়াসেই ১ লক্ষ টাকা তোলা সম্ভব।

শেষ নেই চমকের!
সবচেয়ে বড় চমকটি এখানেই—২০ বছর ধরে মাসে ১ লক্ষ টাকা করে (মোট ২.৪০ কোটি টাকা) তোলার পরেও আপনার মূল মূলধন কিন্তু শূন্য হয়ে যাবে না। ৮০ বছর বয়সে পৌঁছেও দেখা যাবে আপনার পোর্টফোলিওতে প্রায় ১,০০,০৫,৬৫৫ টাকা জমা রয়েছে।

কেন পিপিএফ সেরা?
পিপিএফ মূলত EEE (Exempt-Exempt-Exempt) ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অর্থাৎ, বিনিয়োগের সময় কর ছাড় পাওয়া যায়, অর্জিত সুদে কোনো ট্যাক্স দিতে হয় না এবং ম্যাচিউরিটির পুরো টাকাটাও থাকে সম্পূর্ণ করমুক্ত। তাই দীর্ঘমেয়াদী এবং নিরাপদ আয়ের জন্য পিপিএফ-এর সাথে এসডব্লিউপি-র এই যুগলবন্দী সাধারণ মানুষের জন্য গেম-চেঞ্জার হতে পারে।