বাংলায় ২০০ পার বিজেপির, ‘আসন চুরি’র অভিযোগে মমতার পাশে রাহুল! দিল্লি যাচ্ছে ইন্ডি জোট

দীর্ঘ টালবাহানা আর উত্তেজনার অবসান। সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের ভোটগণনা শেষে এক নতুন রাজনৈতিক সমীকরণ দেখল রাজ্যবাসী। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনের ফলাফলকে কয়েক যোজন পেছনে ফেলে দু’বছরের ব্যবধানেই ২০০-র গণ্ডি ছুঁয়ে ফেলেছে গেরুয়া শিবির। জেলা থেকে কলকাতা—তৃণমূলের দুর্গে একের পর এক আঘাত হেনে রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়া নিশ্চিত করেছে পদ্ম বাহিনী।
মমতার পাশে রাহুল: ‘আসন চুরি’র বিস্ফোরক অভিযোগ
তৃণমূলের এই অভাবনীয় পরাজয়ের পরেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোট শেষ হতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। মমতা আগেই অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশনের সহায়তায় প্রায় ১০০টি আসন ‘চুরি’ করেছে বিজেপি। সূত্রের খবর, রাহুল গান্ধী তৃণমূল নেত্রীর এই অভিযোগের সঙ্গে পূর্ণ সহমত পোষণ করেছেন।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রাহুল লেখেন, “কংগ্রেসের কেউ কেউ তৃণমূলের হার নিয়ে উল্লাস করছেন, কিন্তু তাঁদের বোঝা উচিত অসম ও বাংলার জনরায় চুরি করা ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করার পথে বিজেপির বড় পদক্ষেপ। তুচ্ছ রাজনীতি সরিয়ে রেখে এখন ভারতের কথা ভাবার সময়।”
দিল্লিতে মেগা বৈঠক ও স্ট্যালিনের সঙ্গে আলোচনা
বাংলার হারের পর ইন্ডি জোটের অন্দরে তৎপরতা তুঙ্গে। শুধু মমতা নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনের সঙ্গেও কথা বলেছেন রাহুল গান্ধী। তৃণমূলকে নীতিগত সমর্থন দিতে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি আসার আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
ইন্ডি জোটের রণকৌশল
সূত্রের খবর, আগামী সপ্তাহেই দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডি জোট। এই বৈঠকের মূল এজেন্ডা হতে চলেছে ‘ভোট চুরি’ এবং কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে দেশজুড়ে প্রচার। পশ্চিমবঙ্গ, অসম এবং তামিলনাড়ুর নির্বাচনী ফলাফল গভীরভাবে পর্যালোচনা করা হবে এই বৈঠকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় ক্ষমতা হারালেও জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই নতুন আন্দোলনের নীল নকশা তৈরি করছে বিরোধী শিবির।