“খেলা শেষ তোমার, এবার আমার শুরু!” অরূপ বিশ্বাসের হারে ভয়ঙ্কর বিস্ফোরণ শতদ্রু দত্তের

রাজ্যে পালাবদলের ঝোড়ো হাওয়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘাসফুল শিবির। আর সেই ঝড়ে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির পাপিয়া অধিকারীর কাছে ৬ হাজার ভোটে ধরাশায়ী হয়েছেন রাজ্যের দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপের এই শোচনীয় হারের পরই রণংদেহি মেজাজে ধরা দিলেন প্রখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। লিয়োনেল মেসির সেই বিতর্কিত কলকাতা সফর নিয়ে এবার সরাসরি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ‘বোমা’ ফাটালেন তিনি।
‘বলির পাঁঠা’ করা হয়েছিল আমাকে!
গত ডিসেম্বরে কলকাতায় মেসির ‘গোট ট্যুর’ (GOAT Tour) ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জেরে গ্রেফতার হতে হয়েছিল আয়োজক শতদ্রু দত্তকে। কাড়ি কাড়ি টাকা দিয়েও দর্শকরা মেসিকে দেখতে না পাওয়ায় রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী। সোমবার অরূপ বিশ্বাসের হারের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটান শতদ্রু। স্পষ্ট জানান, সেই ঘটনার জন্য দায়ী তিনি নন, বরং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ‘বলপূর্বক’ নির্দেশই ছিল যাবতীয় নষ্টের গোড়া।
কার নির্দেশে ইস্যু হয়েছিল অতিরিক্ত গ্রাউন্ড কার্ড?
শতদ্রুর অভিযোগ, অরূপ বিশ্বাসের চাপেই তিনি সেবার নিয়ম ভেঙে গ্রাউন্ড কার্ড ইস্যু করতে বাধ্য হয়েছিলেন। সেই বিশৃঙ্খলার জেরে মেসি সময়ের আগেই মাঠ ছাড়েন এবং ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। শতদ্রুর দাবি, দায় ঝেড়ে ফেলতে সেদিন তাঁকেই ‘বলির পাঁঠা’ বানিয়ে ৩৮ দিন জেলে পাঠানো হয়েছিল। ফেসবুকে বিস্ফোরক স্টোরি দিয়ে তিনি লিখেছেন—
“আমি চুপ ছিলাম কেন জানো? ভয় থেকে নয়, নিজের পরিবারকে বাঁচাতে। কিন্তু এবার আর নয়। খেলা শেষ তোমার, এবার আমার শুরু!”
আসছে বড় পর্দাফাঁস
রোনাল্ডিনহো বা মার্তিনেজকে কলকাতায় এনে যিনি প্রশংসা কুড়িয়েছিলেন, সেই শতদ্রু দত্ত কেন মেসির অনুষ্ঠানের পর বেপাত্তা হয়ে গিয়েছিলেন, তার উত্তরও আজ মিলেছে। শাসকদলের ‘চোখরাঙানি’র কারণেই এতদিন মুখ খোলেননি বলে দাবি তাঁর। তবে অরূপ বিশ্বাসের পতনের পর তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই একটি সাংবাদিক সম্মেলন করে মেসি সফরের নেপথ্যের সমস্ত অন্ধকার দিক জনসমক্ষে আনবেন।
তিলোত্তমার ফুটবল প্রেমীরা কেন সেদিন চোখের সামনে থেকে গ্রহের সেরা ফুটবলারকে হারিয়েছিলেন, তার আসল সত্যিটা জানতে এখন মুখিয়ে রয়েছে গোটা বাংলার ক্রীড়ামহল। সংবাদ সম্মেলন থেকে শতদ্রু আর কী কী চাঞ্চল্যকর তথ্য দেন, এখন সেটাই দেখার।