তামিলনাড়ুতে কি এবার বিজয় উৎসব? ডিএমকে-এআইএডিএমকে-কে সরিয়ে গদিতে বসছেন থালাপতি!

দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের সমীকরণ বদলে দিয়ে ইতিহাস গড়ার পথে তামিলনাড়ু। ডিএমকে (DMK) এবং এআইএডিএমকে (AIADMK)-র মতো প্রথাগত রাজনৈতিক শক্তিগুলিকে পিছনে ফেলে দিয়ে জয়ের দৌড়ে এগিয়ে চলেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নবগঠিত দল ‘তামিলাগা ভেট্টরি কাজাগাম’ (TVK)। প্রাথমিক ট্রেন্ড এবং জল্পনা সত্যি হলে, বিজয়ই হতে চলেছেন তামিলনাড়ুর পরবর্তী কাণ্ডারি। এই আবহে রাজ্য রাজনীতি ছাড়িয়ে জাতীয় স্তরেও শোরগোল শুরু হয়েছে বিজয়ের বিশাল অঙ্কের সম্পত্তি নিয়ে।

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়
নির্বাচনী ময়দানে কেবল রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত সম্পদের দিক থেকেও নজর কেড়েছেন বিজয়। যদি তিনি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে বসেন, তবে তিনি হবেন দেশের বর্তমান সব মুখ্যমন্ত্রীদের মধ্যে বিত্তশালী। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৫০ কোটি টাকা।

সম্পত্তির খুঁটিনাটি: ঠিক কত টাকার মালিক থালাপতি?
হলফনামার তথ্য অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের সঠিক অঙ্কটি হলো ৬৪৮ কোটি ৮৫ লক্ষ ৯০ হাজার ৪০৭ টাকা। এর মধ্যে ৪১৮ কোটি ২০ লক্ষ টাকারও বেশি অস্থাবর সম্পত্তি এবং ২২২ কোটি ৬৫ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। শুধু বিজয় একাই নন, তাঁর স্ত্রী এবং সন্তানদের নামেও রয়েছে কয়েক কোটি টাকার মালিকানা। বিজয়ের স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি ৫৭ লক্ষ টাকা।

ব্যাঙ্ক ব্যালেন্স ও সোনা-হিরের ঝকঝকে দুনিয়া
রিপোর্ট অনুযায়ী, বিজয় ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব মিলিয়ে জমা রয়েছে ৩২৮ কোটি টাকারও বেশি। শেয়ার বাজার বা বন্ডে তাঁর বিনিয়োগ তুলনামূলক কম, মাত্র ১৯.৩৭ লক্ষ টাকা। তবে সোনা ও রুপোর সংগ্রহের দিক থেকে তিনি বেশ সমৃদ্ধ। বিজয়ের ১.২০ কোটি টাকার সোনা এবং ১৫ লক্ষ টাকার রুপো রয়েছে। তাঁর স্ত্রীর কাছে প্রায় ৪ কোটি টাকা মূল্যের সোনা এবং ১ কোটি টাকার একটি ১৩৪.৯১ ক্যারেটের হিরে রয়েছে।

বিলাসবহুল বাংলো ও জমিজমা
জমিজমার দিক থেকেও থালাপতি বিজয় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। তাঁর ২০ লক্ষ টাকার কৃষি জমি ছাড়াও ২০ কোটি টাকার অকৃষি জমি রয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত জমির মূল্য প্রায় ৮৩ কোটি টাকা। অন্যদিকে, বিজয়ের বিলাসবহুল আবাসন বা আবাসিক সম্পত্তির মোট বাজারমূল্য ১১৭ কোটি টাকারও বেশি। এর মধ্যে তাঁর স্ত্রীর নামে আড়াই কোটি টাকার একটি সম্পত্তি রয়েছে।

তামিলনাড়ুর রাজনীতিতে ফিল্মি সুপারস্টারদের দাপট নতুন কিছু নয়। এমজিআর থেকে জয়ললিতা—পর্দায় ম্যাজিক দেখানোর পর শাসকের আসনে বসেছেন অনেকেই। সেই পথেই কি এবার ইতিহাস লিখতে চলেছেন ৬৫০ কোটির মালিক থালাপতি বিজয়? উত্তরের অপেক্ষায় গোটা দেশ।