ভোটের ফল প্রকাশের আগেই ২০২৭-এর ব্লু-প্রিন্ট! মোদী-শাহের নির্দেশে কোন বড় চাল চালছে বিজেপি?

রাজনীতিতে বিজেপি যে ‘২৪x৭’ সক্রিয়, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। কেরল, পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের ভোট মিটতে না মিটতেই ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে ময়দানে নেমে পড়ল গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের শেষ দফার ভোটগ্রহণ চলাকালীনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পরবর্তী ‘মিশন’ সম্পর্কে বড় বার্তা দিল।

লক্ষ্য ২০২৭: ফল বেরোনোর আগেই পরবর্তী টার্গেট
বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন জানিয়েছেন, আগামী বছর যে সাতটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এই ‘ফুল টাইম’ রাজনীতির ধারা বজায় রাখছে দল। নীতিন নবীনের সাফ কথা— “অন্য দলগুলো যখন ভোটের আগে রণকৌশল তৈরি করে, বিজেপি তখন সারা বছরই ময়দানে থাকে।”

উত্তরপ্রদেশ ও গুজরাট ফোকাস: ইতিপূর্বেই এই দুই হাই-ভোল্টেজ রাজ্যে রুদ্ধদ্বার বৈঠক সেরে ফেলেছেন নীতিন নবীন।

উত্তরাখণ্ড সফর: আগামী সপ্তাহেই তিনি উত্তরাখণ্ডে দলের শক্তি ঝালিয়ে নিতে সফরে যাচ্ছেন।

গুজরাট পুরভোটে বিরোধীদের ‘ক্লিন সুইপ’: ডাবল ইঞ্জিন ম্যাজিক?
এদিকে ২০২৭-এর প্রস্তুতির মাঝেই গুজরাটের স্থানীয় পুরসভা নির্বাচনের ফলাফল বিজেপির পালে প্রবল হাওয়া দিয়েছে। রাজ্যের ১৫টি কর্পোরেশনের সবকটিতেই ক্ষমতা দখল করেছে বিজেপি।

ফলাফলের এক নজরে এক্স-রে:

আহমেদাবাদ: ১৯২টি আসনের মধ্যে ১৬১টিই বিজেপির দখলে। কংগ্রেস মাত্র ৩১টিতে সীমাবদ্ধ।

সুরাট: আম আদমি পার্টি (AAP)-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সুরাটে ধস নেমেছে। ১২০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১১৪টি। আপ-এর আসন ২৭ থেকে কমে মাত্র ৪-এ এসে ঠেকেছে।

রেকর্ড জয়: পোরবন্দর ও মোরবি পুরসভার ৫২টি আসনের সবকটিতেই জিতেছে বিজেপি।

গ্রামীণ শক্তিবৃদ্ধি: ১০৯০টি জেলা পঞ্চায়েত আসনের মধ্যে ৭৮২টি জিতে গ্রামীণ গুজরাটেও নিজেদের আধিপত্য প্রমাণ করেছে গেরুয়া ব্রিগেড।

৪ মে-র দিকে তাকিয়ে দিল্লি: কেরালা ও বাংলায় বড় চমকের আশা?
আগামী ৪ মে কেরালা-সহ বাকি রাজ্যগুলির ভোটগণনা। বিজেপি নেতৃত্বের দাবি, এবার কেরালায় তারা ঐতিহাসিক সাফল্য পেতে চলেছে।

বিজেপির হিসেব-নিকেশ:
১. অসম ও পুদুচেরি: ক্ষমতায় ফেরার ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত নেতৃত্ব।
২. পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু: এই দুই রাজ্যে এনডিএ (NDA) সরকার গড়বে বলে জোরালো দাবি করা হয়েছে।