রেকর্ড ভাঙল বাংলা! ১১টা বাজতেই প্রায় ৪০% ভোট, লোকসভা নির্বাচনকেও পিছনে ফেলল দ্বিতীয় দফা

দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচনে বাংলায় ভোটদানের হার রীতিমতো চমকে দেওয়ার মতো। সকাল ১১টা বাজতে না বাজতেই রাজ্যের ১৪২টি আসনে ভোটদানের হার পৌঁছে গিয়েছে ৩৯.৯৭ শতাংশে। রাজনীতির কারবারিদের মতে, গরম আর বৃষ্টির লুকোচুরি উপেক্ষা করে যেভাবে ভোটাররা লাইন দিয়েছেন, তাতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের সমস্ত রেকর্ড ধুলিসাৎ হতে চলেছে।
একনজরে ১১টা পর্যন্ত ভোটের গ্রাফ
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভোটদানের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান। অন্যদিকে, হেভিওয়েট প্রার্থীদের গড় হওয়া সত্ত্বেও কলকাতা দক্ষিণ কিছুটা ধীর গতিতে চলছে।
| জেলা/অঞ্চল | ভোটদানের হার (সকাল ১১টা পর্যন্ত) |
| পূর্ব বর্ধমান (সর্বোচ্চ) | ৪৪.৫০% |
| হুগলি | ৪৩.১২% |
| নদিয়া | ৪০.৩৪% |
| হাওড়া | ৩৯.৪৫% |
| উত্তর ২৪ পরগনা | ৩৮.৪৩% |
| কলকাতা উত্তর | ৩৮.৩৯% |
| দক্ষিণ ২৪ পরগনা | ৩৭.৯২% |
| কলকাতা দক্ষিণ (সর্বনিম্ন) | ৩৬.৭৮% |
লোকসভা বনাম বিধানসভা: রেকর্ড ব্রেকিং লড়াই
২০২৪-এর লোকসভা ভোটের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, এবারের হার অনেকটাই বেশি। লোকসভা নির্বাচনের সাতটি দফার মধ্যে সকাল ১১টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছিল ষষ্ঠ দফায় (৩৬.৯%)। কিন্তু আজ দ্বিতীয় দফাতেই সেই সীমা ছাড়িয়ে ৩৯.৯৭ শতাংশে পৌঁছেছে বাংলার ভোট। এমনকি সপ্তম দফার সর্বনিম্ন হার (২৮.১%) থেকে এই ব্যবধান প্রায় আকাশছোঁয়া।
ভোটের অংকের টুকিটাকি
আজকের ১৪২টি আসনে ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯ জন ভোটার।
-
পুরুষ ভোটার: ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬।
-
মহিলা ভোটার: ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ১৬২।
-
তয় লিঙ্গ: ৭৯২ জন।
-
সংরক্ষিত আসন: এসসি (SC) সংরক্ষিত ৩৪টি এবং এসটি (ST) ১টি।
সবচেয়ে বড় ও ছোট কেন্দ্র
এবারের লড়াইয়ে আয়তনের নিরিখে সবচেয়ে ছোট কেন্দ্র জোড়াসাঁকো এবং বড় কেন্দ্র কল্যাণী। তবে ভোটার সংখ্যার বিচারে বাজিমাত করেছে হুগলির চুঁচুড়া (২.৭৫ লক্ষ ভোটার), আর সবচেয়ে কম ভোটার রয়েছেন উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় (১.১৭ লক্ষ)।