আকাশছোঁয়া আগুনের লেলিহান শিখা! গাজিয়াবাদের হাইরাইজ আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যালকনি থেকে বাঁচার আর্তনাদ

রাজধানী দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল গৌড় গ্রিন অ্যাভিনিউ হাউজিং সোসাইটি। একটি ফ্ল্যাট থেকে শুরু হওয়া আগুন ঝোড়ো হাওয়ায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে বহুতল আবাসনের একাধিক তলায়। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢাকা পড়ে গিয়েছে আকাশ, যা দেখা গিয়েছে কয়েক কিলোমিটার দূরের দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে থেকেও।
১০-১২টি ফ্ল্যাটে ছড়াল আগুন, আটকে বাসিন্দারা
স্থানীয় সূত্রে খবর, আবাসনের সাত বা আটতলার একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই আগুন ন’তলার ফ্ল্যাটগুলিকেও গ্রাস করে নেয়। আবাসনের বাসিন্দা রোহিত বলেন, “অন্তত ১০ থেকে ১২টি ফ্ল্যাট এখন আগুনের কবলে। দমকলের ইঞ্জিন এসে পৌঁছলেও আগুনের তেজ এতটাই বেশি যে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।”
ব্যালকনি থেকে সাহায্যের আর্তনাদ
আগুন ছড়িয়ে পড়ায় আবাসনের উপরের তলাগুলিতে বেশ কিছু বাসিন্দা আটকে পড়েন। তাঁরা জানলা এবং ব্যালকনি থেকে হাত নেড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। আবাসনের অন্য বাসিন্দারাই প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদের বের করে আনতে ছুটে যান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা সোসাইটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং লিফট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
অ্যাকশনে যোগী আদিত্যনাথ
ঘটনার গুরুত্ব বুঝে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরাসরি পুলিশ কমিশনার এবং জেলাশাসককে ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, উদ্ধারকার্যে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল।
প্রাথমিক অনুমান: শর্ট সার্কিট
দমকলের তিনটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ বিপত্তি ঘটেছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।