অ্যাকশনে যোগী রাজ্যের ‘সিংহাম’! দাগিদের তালিকা হাতে ফলতার অলিতে-গলিতে আইপিএস অজয় পাল শর্মা

দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা এখন আক্ষরিক অর্থেই তপ্ত রণক্ষেত্র। মঙ্গলবার সকাল থেকেই এলাকায় কার্যত ত্রাস সৃষ্টি করা দাগি অপরাধীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছেন পুলিশ অবজারভার তথা দাপুটে আইপিএস অফিসার অজয় পাল শর্মা। সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই তল্লাশি অভিযান ঘিরেই রণক্ষেত্রের চেহারা নিল ফলতার খানপাড়া।

দাগিদের খোঁজে গ্রামে গ্রামে আইপিএস
এদিন সকালে দাগি দুষ্কৃতীদের একটি দীর্ঘ তালিকা হাতে নিয়ে ফলতার খানপাড়ায় প্রবেশ করেন অজয় পাল শর্মা। যাঁদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে, তাঁদের বাড়িতে বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় বাহিনী। সোমবারই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এই আধিকারিক, আর মঙ্গলবার সকাল থেকে তাঁর মেজাজ ছিল আরও কড়া।

কনভয় আটকে বিক্ষোভ, উঠল স্লোগান
অভিযান চালিয়ে গ্রাম থেকে বেরোনোর সময় আইপিএস-এর কনভয়কে নজিরবিহীন বাধার মুখে পড়তে হয়। জাহাঙ্গীর খানের কার্যালয়ের সামনে আসতেই তৃণমূল অনুগামীরা আইপিএস-এর গাড়ি লক্ষ্য করে ব্যাপক স্লোগান দিতে শুরু করেন।

অজয় পাল শর্মার গাড়িটি বেরিয়ে যেতে সক্ষম হলেও, কনভয়ের পিছনে থাকা সিআরপিএফ (CRPF)-এর গাড়িগুলো আটকে দেওয়া হয়।

উত্তেজিত জনতা কেন্দ্রীয় বাহিনীর পথ রোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়।

ফলতায় ‘পুষ্পা’ বনাম ‘সিংহাম’ লড়াই
তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান আগেই অজয় পাল শর্মাকে ‘ফিল্মি’ কায়দায় চ্যালেঞ্জ ছুঁড়ে নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করেছিলেন। আজ অজয় পালের এই অতি-সক্রিয়তা সেই লড়াইকে অন্য মাত্রা দিল। নির্বাচন কমিশনের নির্দেশে এই হাই-প্রোফাইল পুলিশ অফিসার যেভাবে নিজে রাস্তায় নেমে তল্লাশি চালাচ্ছেন, তাতে রীতিমতো চাপে এলাকার দুষ্কৃতীরা।