“আমিই পুষ্পা, ঝুকেগা নেহি!” এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস-কে খোলা চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থীর

ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় শুরু হয়ে গেল হাই-ভোল্টেজ ‘ফিল্মি’ লড়াই। একদিকে যোগী রাজ্যের দাপুটে আইপিএস তথা এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, আর অন্যদিকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। খোদ পুলিশ পর্যবেক্ষককে লক্ষ্য করে জাহাঙ্গির খানের ‘পুষ্পা’ স্টাইল ডায়ালগ এখন সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে।

“আমরা সলমন খানের ওয়ান্টেড দেখেছি!”
নির্বাচন কমিশন প্রেরিত পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার কড়া নজরদারিতে কার্যত ক্ষুব্ধ তৃণমূল শিবির। এর পাল্টা দিতে গিয়ে জাহাঙ্গির খান বলেন, “কে কোন এনকাউন্টার স্পেশালিস্ট আমরা জানি না। আমরা সলমন খানের ‘ওয়ান্টেড’ দেখেছি, ‘কিক’ দেখেছি। ধমকে-চমকে আমাদের চুপ করানো যাবে না।”

এরপরই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “আমরা পুষ্পা রাজ। ঝুঁকেগা নেহি! দিল্লির পুলিশের চমকানি আমরা ভয় পাই না। মা-বোনেরা খেপে গেলে ঝাঁটাপেটা করবে।”

কে এই অজয় পাল শর্মা?
যাঁর বিরুদ্ধে জাহাঙ্গির খানের এই হুঙ্কার, সেই অজয় পাল শর্মা কিন্তু কোনো সাধারণ অফিসার নন:

পরিচিতি: ২০১১ ব্যাচের এই আইপিএস অফিসার যোগী আদিত্যনাথের রাজ্যের দুঁদে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত।

কৃতিত্ব: ২০২৪-এর মহাকুম্ভ মেলার নোডাল অফিসার ছিলেন তিনি। ২০২৫ সালে পেয়েছেন পুলিশের ‘স্বর্ণপদক’।

শিক্ষাগত যোগ্যতা: তিনি পেশায় একজন ডেন্টাল সার্জন (বিডিএস)। পটিয়ালা কলেজ থেকে ডিগ্রি নেওয়া এই ডাক্তার কাম পুলিশ অফিসারের লক্ষ্য এখন অপরাধীদের ‘বিষদাঁত’ ভাঙা।

ফলতার লড়াই এবার সম্মানের
জাহাঙ্গির খানের দাবি, দিল্লি থেকে অফিসার এনে ভয় দেখিয়ে লাভ নেই। ২৯ তারিখ ফলতার ‘গণদেবতা’ জোড়াফুলের মাধ্যমেই বিজেপি-র জমানত জব্দ করবে। তবে এনকাউন্টার স্পেশালিস্ট এই আইপিএস অফিসারের কড়াকড়ি শেষ পর্যন্ত ভোটের ফলে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।