AI-এর হাতে হ্যাকিংয়ের চাবিকাঠি! ভারতের সাইবার এজেন্সির চরম হুঁশিয়ারি, আপনার একটি ভুল কেড়ে নিতে পারে সব

হ্যাকিং এখন আর কেবল দক্ষ কোডারদের কাজ নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সৌজন্যে এখন যে কেউ ঘটাতে পারে বড়সড় সাইবার বিপর্যয়। ভারতের জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি CERT-In (Indian Computer Emergency Response Team) গত ২৬ এপ্রিল একটি বিশেষ নোটিফিকেশন জারি করে দেশবাসীকে সতর্ক করেছে। সংস্থার দাবি, হ্যাকাররা এখন ‘ফ্রন্টিয়ার এআই’ ব্যবহার করে অতি দ্রুত এবং নিখুঁতভাবে সাইবার হামলা চালাচ্ছে।

কীভাবে বিপদ ছড়াচ্ছে AI?
১. কোড অ্যানালিসিস: আগে হ্যাকারদের যে কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, এখন AI সেকেন্ডের মধ্যে সফটওয়্যার কোড স্ক্যান করে দুর্বলতা (Zero Day Vulnerabilities) খুঁজে বের করছে।
২. নিখুঁত ফিশিং: হ্যাকাররা এখন AI ব্যবহার করে একদম আসল দেখতে ইমেল, মেসেজ এমনকি ভয়েস এবং ভিডিও তৈরি করছে। ফলে চেনা মানুষের গলার আওয়াজ বা ভিডিও কল দেখেও প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়ছে।
৩. সহজ হ্যাকিং: যাদের হ্যাকিং নিয়ে খুব বেশি অভিজ্ঞতা নেই, তারাও এখন AI টুলের সাহায্যে বড় বড় এন্টারপ্রাইজ সিস্টেম বা ক্লাউড সার্ভিস ব্রেক করতে সক্ষম হচ্ছে।

কী কী ক্ষতি হতে পারে?
CERT-In জানাচ্ছে, AI ব্যবহার করে ডাটা চুরি, আর্থিক প্রতারণা, সার্ভার ডাউন করা এবং সিস্টেমের দখল নেওয়ার মতো মারাত্মক ঘটনা ঘটতে পারে।

সুরক্ষিত থাকার ৫টি গোল্ডেন রুল:
কেন্দ্রীয় সংস্থা এই বিপদ থেকে বাঁচতে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে (MSME) কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে:

জিরো ট্রাস্ট অ্যাপ্রোচ (Zero Trust Approach): আপনার সিস্টেমে যে কেউ ঢুকতে চাইলে তাকে আগে থেকে বিশ্বাস করবেন না। সঠিক আইডি ও পাসওয়ার্ড ছাড়া কাউকেই অ্যাক্সেস দেবেন না।

মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA): শুধুমাত্র পাসওয়ার্ডে ভরসা না করে ফোনে ওটিপি বা বায়োমেট্রিক লকের মতো সুরক্ষা স্তর ব্যবহার করুন।

অটোমেটিক আপডেট: আপনার ফোন বা কম্পিউটারের সফটওয়্যার এবং অ্যাপগুলি সবসময় আপডেট রাখুন। এতে পুরনো নিরাপত্তা ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়।

ইমেল ফিল্টারিং: সন্দেহজনক লিঙ্ক বা ফিশিং সাইট ব্লক করতে ইমেল ফিল্টারিং অপশন চালু রাখুন।

নিয়মিত মনিটরিং: আপনার নেটওয়ার্ক অ্যাক্টিভিটি এবং লগ-ইন ডিটেইলসের ওপর কড়া নজর রাখুন। অস্বাভাবিক কিছু দেখলেই ব্যবস্থা নিন।

মনে রাখবেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতারণার ধরনও পাল্টাচ্ছে। তাই ডিজিটাল দুনিয়ায় এক পা ফেলার আগে সাবধান হওয়া এখন বাধ্যতামূলক।