ভোটের আগেই রণক্ষেত্র সোনারপুর! আক্রান্ত নির্দল প্রার্থী রাজন্যা, কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

নির্বাচনের প্রচারের শেষ লগ্নে অগ্নিগর্ভ হয়ে উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। ২৬ নম্বর ওয়ার্ডে প্রচার চালাতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন নির্দল প্রার্থী রাজন্যা হালদার (গাঙ্গুলী)। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলরের স্বামী ও রাজন্যার অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে।
ঘটনার সূত্রপাত:
রাজন্যার দাবি, তিনি এক ব্যক্তির সার্টিফিকেটের সমস্যা নিয়ে কাউন্সিলর রেশমা মন্ডলের স্বামী শাহেনশা মন্ডলের কাছে গিয়েছিলেন। সেই সময় হঠাৎই তাঁদের ওপর চড়াও হয় একদল যুবক। রাজন্যা ও তাঁর সঙ্গীদের ওপর শারীরিক নিগ্রহ চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় সোনারপুর থানায় শাহেনশা মন্ডল-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
পাল্টা অভিযোগ:
অন্যদিকে, কাউন্সিলর রেশমা মন্ডল মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, রাজন্যা ও তাঁর স্বামী প্রান্তিক বহিরাগতদের নিয়ে এসে এলাকায় উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করছিলেন। কাউন্সিলর পক্ষের তরফেও রাজন্যার বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় রাজন্যার পাশে দাঁড়িয়ে তীব্র নিন্দা জানিয়েছে ISF।
মালদহে অপহৃত পরিযায়ী শ্রমিক, দাবি লক্ষাধিক মুক্তিপণ!
মালদহ: কাজের সন্ধানে বেরিয়ে চরম বিপত্তি! ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়ার নাম করে এক পরিযায়ী শ্রমিককে অপহরণের অভিযোগ উঠল মালদহে। অপহৃত শ্রমিকের নাম উমেশ রায়। এই ঘটনায় ১ লক্ষ ১৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে দুষ্কৃতীরা।
কীভাবে ঘটল অপহরণ?
উমেশের পরিবার জানিয়েছে, গাজোলের এক লেবার সাপ্লাইকারী মুকুল বিশ্বাস গতকাল সকালে উমেশকে ব্যাঙ্গালোরে কাজে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যা হতেই পরিবারের কাছে ফোন আসে যে উমেশ অপহৃত। মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
আতঙ্কিত পরিবার মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মুকুল বিশ্বাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে।