কলকাতায় ভোট: বুধবার বাড়ি থেকে বেরোনোর আগে সাবধান! একঝলকে দেখে নিন ট্রাফিক পুলিশের রুট ম্যাপ

আগামীকাল, ২৯ এপ্রিল কলকাতায় দ্বিতীয় দফার নির্বাচন। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে। বুধবার ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কোন রুটে কী বদল? দেখে নিন একনজরে:

গীতাঞ্জলি রোড: কসবার অ্যাক্রোপলিস মল থেকে স্টেডিয়ামের পিছনের এই রাস্তায় ভোটের দিন গাড়ি চলবে পূর্ব থেকে পশ্চিম অভিমুখে।

হাজরা ও হরিশ মুখার্জী রোড: সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পশ্চিম দিকের গাড়িগুলি উত্তরের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দুপুর ১টার পর গাড়িগুলি দক্ষিণে কালিদাস পতিতুণ্ডি লেন দিয়ে ঘোরানো হবে।

আলিপুর এলাকা: জাজেস কোর্ট রোড ও আলিপুর রোড ক্রসিং দিয়ে শুধুমাত্র নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ি যাতায়াত করবে। উত্তরমুখী গাড়িগুলিকে চেতলা সেন্ট্রাল রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।

নো এন্ট্রি: অকল্যান্ড রোড বুধবার সম্পূর্ণ ‘নো এন্ট্রি’ থাকবে।

বাস ও অটো স্ট্যান্ডের বদল: * ধনমাঠের ৪৭বি রুটের বাসগুলি রুবি ক্রসিং থেকে ইউ-টার্ন নেবে।

ব্রতচারী বিদ্যাশ্রমের এসডি৪ ও এসডি৪/১ বাসস্ট্যান্ড স্বদেশ বসু হাসপাতালের কাছে সরানো হয়েছে।

বিবেকানন্দ কলেজের অটোস্ট্যান্ড ডায়মন্ড হারবার রোডের রিলায়েন্স ট্রেন্ডসের সামনে থেকে পরিচালিত হবে।

পার্কিং সংক্রান্ত কড়াকড়ি:
সিমেন্স ক্রসিং-এর কাছে ব্যক্তিগত আবাসন বা ফ্ল্যাটের পার্কিং ছাড়া বাইরের কোনও গাড়ি রাখা যাবে না। শুধুমাত্র নির্বাচনের কাজে ব্যবহৃত গাড়ি সেখানে থাকতে পারবে।

টিপস:
যাঁরা বুধবার জরুরি কাজে বা ভোট দিতে বেরোবেন, তাঁরা হাতে সময় নিয়ে বেরোন। ট্রাফিক ডাইভারশনের কারণে গন্তব্যে পৌঁছাতে কিছুটা দেরি হতে পারে।