“রাত পোহালেই ১৪২ আসনে মহাযুদ্ধ!”-কখন শুরু ভোট, কখন শেষ? জেনে নিন এ টু জেড গাইডলাইন

আগামীকাল বুধবার, ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার হাইভোল্টেজ নির্বাচন। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান—এই ৭ জেলার মোট ১৪২টি আসনে ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। আপনি কি প্রস্তুত ভোট দিতে? যাওয়ার আগে জেনে নিন সময়সূচি এবং অত্যন্ত জরুরি কিছু নিয়মাবলী।

ভোটের সময়সূচি ও নিয়ম

কমিশন সূত্রে খবর, ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায় এবং চলবে বিকেল ৬টা পর্যন্ত। তবে বিকেল ৬টার মধ্যে আপনি যদি বুথের লাইনে দাঁড়িয়ে পড়েন, তবে দেরি হলেও ভোট দিতে পারবেন। নিয়ম অনুযায়ী, ঠিক ৬টার সময় লাইনে থাকা ভোটারদের হাতে স্লিপ তুলে দেবেন প্রিসাইডিং অফিসার।

কী কী নথি সঙ্গে রাখবেন?

ভোট দেওয়ার জন্য আপনার নাম ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক। সাথে নিয়ে যান নিচের যেকোনো একটি পরিচয়পত্র:

  • ভোটার আইডি কার্ড (EPIC)

  • বিকল্প হিসেবে: আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ছবিসহ ব্যাঙ্ক পাসবুক কিংবা পেনশন কার্ড।

ভোট দেওয়ার সঠিক পদ্ধতি (ধাপে ধাপে):

১. বুথে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার আপনার নাম ও পরিচয়পত্র যাচাই করবেন। ২. দ্বিতীয় অফিসার আপনার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন এবং আপনাকে একটি স্লিপ দেবেন। ৩. তৃতীয় অফিসারের কাছে স্লিপ জমা দিয়ে আপনি ইভিএম (EVM) মেশিনের কাছে যাবেন। ৪. পছন্দের প্রার্থীর চিহ্নের পাশে নীল বোতাম টিপুন। ‘বিপ’ শব্দ হওয়া মানেই আপনার ভোট সম্পন্ন। ৫. পাশে থাকা ভিভিপ্যাট (VVPAT) স্ক্রিনে ৭ সেকেন্ডের জন্য দেখে নিন আপনি যাকে ভোট দিলেন তার নাম ও প্রতীক ঠিক আছে কি না।

ভোটকেন্দ্রে যা একদম করবেন না:

  • নো মোবাইল: ভোটকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

  • ছবি বা ভিডিও: ভোট দেওয়ার সময় সেলফি বা ভিডিও তোলা দণ্ডনীয় অপরাধ।

  • পোশাকবিধি: কোনো রাজনৈতিক দলের প্রতীক বা ছাপ দেওয়া পোশাক পরে বুথে যাবেন না।

  • প্রলোভন: কোনো প্রতিনিধির কাছ থেকে উপহার বা অর্থ গ্রহণ করবেন না।

একনজরে জেলাভিত্তিক আসন সংখ্যা:

  • কলকাতা: ১১টি আসন (ভবানীপুর, বালিগঞ্জ, রাসবিহারীসহ)

  • উত্তর ২৪ পরগনা: ৩৩টি আসন (বারাসাত, ব্যারাকপুর, বিধাননগরসহ)

  • দক্ষিণ ২৪ পরগনা: ৩১টি আসন (ডায়মন্ড হারবার, যাদবপুর, টালিগঞ্জসহ)

  • হাওড়া: ১৬টি আসন

  • হুগলি: ১৮টি আসন

  • পূর্ব বর্ধমান: ১৬টি আসন

  • নদিয়া: ১৭টি আসন

সহায়তার জন্য: ভোটার তালিকায় নাম বা বুথ নম্বর খুঁজতে ভিজিট করুন voters.eci.gov.in অথবা ফোন করুন টোল-ফ্রি নম্বর ১৯৫০-এ।