“আমেরিকায় ভারতীয় শক্তির দাপট!”-১.১০ লক্ষ কোটি টাকায় বিদেশি সংস্থা কিনছে সান ফার্মা

ভারতীয় ওষুধ শিল্পে এক নয়া দিগন্তের সূচনা করল সান ফার্মা (Sun Pharma)। মার্কিন যুক্তরাষ্ট্রের নামী ওষুধ প্রস্তুতকারক সংস্থা ওগানন (Organon)-কে অধিগ্রহণ করার কথা ঘোষণা করেছে ভারতের এই বৃহত্তম ফার্মা কোম্পানি। এই ডিলটি যে কেবল ব্যবসায়িক বিস্তার তা নয়, বরং ভারতীয় কোনও ওষুধ প্রস্তুতকারক সংস্থার ইতিহাসে এটিই এযাবৎকালের বৃহত্তম বিদেশি অধিগ্রহণ।

ম্যামথ ডিল: ১.১০ লক্ষ কোটি টাকার খেলা! সান ফার্মা জানিয়েছে, তারা ১১.৭৫ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১.১০ লক্ষ কোটি টাকা দিয়ে ওগানন-কে সম্পূর্ণভাবে (১০০ শতাংশ) কিনে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে কোনও ভারতীয় ফার্মা কোম্পানি বিদেশের মাটিতে এত বড় ডিল করার সাহস দেখায়নি। ওগানন-এর প্রতিটি শেয়ার ১৪ ডলার মূল্যে কেনার প্রস্তাব দিয়েছে সান ফার্মা, যা বাজারমূল্যের তুলনায় বেশ খানিকটা বেশি।

শেয়ারবাজারে সান ফার্মার ‘রকেট’ গতি: এই মেগা ডিলের খবর চাউর হতেই দালাল স্ট্রিটে সান ফার্মার শেয়ার নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছে।

  • সোমবার বাজার খোলার পর থেকেই শেয়ারটি গ্রিন জোনে দৌড়াচ্ছে।

  • একদিনেই শেয়ারের দাম প্রায় ৪.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১৬৯৯ টাকায়।

  • গত এক বছরে এই শেয়ার কিছুটা নেতিবাচক রিটার্ন দিলেও, ৫ বছরের মেয়াদে এটি বিনিয়োগকারীদের প্রায় ১৬০ শতাংশ লাভ দিয়েছে।

কেন এই চুক্তি এত স্পেশাল? এতদিন সান ফার্মা মূলত ‘জেনেরিক’ ওষুধের জন্য বিখ্যাত ছিল। কিন্তু ওগানন-কে কেনার ফলে পরিস্থিতি আমূল বদলে যাবে।

১. নারী স্বাস্থ্যের বাজার: ওগানন বিশেষত নারী স্বাস্থ্যজনিত (Women’s Health) প্রোডাক্টে বিশ্বের অন্যতম প্রথম সারির সংস্থা। এই অধিগ্রহণের ফলে সান ফার্মা সরাসরি এই বিশাল গ্লোবাল মার্কেটের নিয়ন্ত্রক হয়ে উঠবে।

২. গ্লোবাল প্রেসেন্স: আমেরিকার স্টক মার্কেটে নথিভুক্ত এই কোম্পানিকে কেনার ফলে আমেরিকাতেও সান ফার্মার আধিপত্য কয়েক গুণ বেড়ে যাবে।

বিশেষজ্ঞদের মত: বাজার বিশেষজ্ঞদের মতে, সান ফার্মা এখন কেবল ওষুধ বিক্রেতা নয়, বরং একটি গ্লোবাল ইনোভেটর হওয়ার পথে। এই ডিলটি সম্পন্ন হলে বিশ্বমঞ্চে ভারতের ফার্মাসিউটিক্যাল সেক্টরের মানমর্যাদা বহুগুণ বেড়ে যাবে।