“বেতন হতে পারে ৮২,৯০০ টাকা পর্যন্ত!”-WBPSC-র মিসেলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক আগে রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর শোনাল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য ‘মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজ়ামিনেশন’ (Miscellaneous Services Exam 2026)-এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
পরীক্ষার পদ্ধতি ও কেন্দ্র: নিয়োগ প্রক্রিয়াটি মোট তিনটি ধাপে সম্পন্ন হবে: ১. প্রিলিমিনারি পরীক্ষা: এটি অবজেক্টিভ বা এমসিকিউ (MCQ) টাইপ পরীক্ষা হবে। মোট ৩৬টি জেলা সদরে এই পরীক্ষা নেওয়া হবে। ২. ফাইনাল পরীক্ষা: প্রিলিমিনারিতে পাশ করলে কনভেনশনাল বা ব্যাখ্যামূলক লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি কেবল কলকাতাতেই অনুষ্ঠিত হবে। ৩. পার্সোনালিটি টেস্ট: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
কোন কোন পদে নিয়োগ? যদিও মোট শূন্যপদের সংখ্যা কমিশন পরে জানাবে, তবে এই পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার (ACDPO), ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইয়ুথ অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ইনস্পেক্টর, রেভিনিউ ইনস্পেক্টর-সহ প্রায় ১৯টি ক্যাটাগরির পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা ও বয়স:
-
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) ডিগ্রি থাকতে হবে।
-
ভাষা: বাংলা ভাষায় সাবলীল হওয়া আবশ্যিক (দার্জিলিং ও কালিম্পং জেলার নেপালিভাষী প্রার্থীদের ক্ষেত্রে ছাড় রয়েছে)।
-
বয়স: ১ জানুয়ারি 2026 অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে। তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
বেতন কাঠামো: পদে নিয়োগের পর পে-লেভেল ১০ অনুযায়ী মাসিক বেতন ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা এবং পে-লেভেল ৯ অনুযায়ী ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এর সঙ্গে মিলবে বাড়িভাড়া ও অন্যান্য সরকারি ভাতাও।
আবেদন ফি ও জরুরি তারিখ:
-
আবেদন ফি: জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ১৬০ টাকা। রাজ্যের তফশিলি জাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনো ফি লাগবে না।
-
আবেদন শুরু: ৩০ এপ্রিল, ২০২৬।
-
আবেদনের শেষ তারিখ: ২০ মে, ২০২৬ (বিকেল ৩টে পর্যন্ত)।
-
এডিট উইন্ডো: ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভুল সংশোধনের সুযোগ থাকবে।
আগ্রহী প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in-এ গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।