এবার খোদ আবাসনের ড্রয়িং রুমে ভোটকেন্দ্র! দক্ষিণ কলকাতায় নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের!

ভোট দিতে আর রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি নেই। এবার আপনার নিজের আবাসনের ভেতরেই তৈরি হচ্ছে ভোটগ্রহণ কেন্দ্র। দক্ষিণ কলকাতার শহুরে ভোটারদের ভোটমুখী করতে এবং প্রবীণ নাগরিকদের সুবিধার্থে এক অভিনব উদ্যোগ নিল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচনে মহানগরের মোট ৬টি বড় হাউজিং কমপ্লেক্সের অভ্যন্তরেই বসছে বুথ।
রাসবিহারীর অভিজাত আবাসনে ‘দুয়ারে বুথ’ কমিশন সূত্রে খবর, এই তালিকায় বিশেষ গুরুত্ব পাচ্ছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি অভিজাত আবাসন। সেখানে ৩০০-র বেশি নথিভুক্ত ভোটার রয়েছেন। আবাসিকরা যাতে বাড়ির নিচেই স্বচ্ছন্দে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে কমিশন। নিরাপত্তার স্বার্থে বুথের ভেতরে ও বাইরে বসানো হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা। যে নির্দিষ্ট ঘরে বুথ তৈরি হচ্ছে, সেটি আপাতত সিল করে রাখা হয়েছে; ভোটের দিন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতেই তা খোলা হবে।
আবাসিকদের জন্য কড়া নির্দেশিকা আবাসনের ভেতরে বুথ হলেও কড়াকড়িতে কোনও খামতি রাখছে না কমিশন। আবাসিকদের জন্য জারি করা হয়েছে একগুচ্ছ গাইডলাইন:
-
বুথের ১০০ মিটারের মধ্যে কোনওভাবেই জমায়েত করা যাবে না।
-
ভোটের দিন সংশ্লিষ্ট বিধানসভা এলাকার বাইরের কোনও ব্যক্তি আবাসনে প্রবেশ করতে পারবেন না।
-
নির্বাচনী বিধি ভঙ্গ হলে কড়া ব্যবস্থা নেবে কমিশন। এই মর্মে আবাসন কমিটিকেও সতর্ক করা হয়েছে।
খুশির আমেজ আবাসিকদের মধ্যে কমিশনের এই ‘দুয়ারে বুথ’ মডেলে দারুণ খুশি দক্ষিণ কলকাতার আবাসিকরা। প্রচণ্ড গরমে বাইরে যাওয়ার ঝক্কি এড়ানো যাবে ভেবেই উচ্ছ্বসিত তাঁরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শহুরে এলাকায় ভোটের হার বাড়াতে কমিশনের এই ইনোভেটিভ মডেল আগামী দিনে বড় মাইলফলক হতে পারে। এখন দেখার, বাস্তবের মাটিতে এই পরিকল্পনা কতটা সফল হয়।