কলকাতার রাস্তায় ‘মোদি ম্যাজিক’! ঠনঠনিয়ায় পুজো দিয়ে রাজকীয় রোড-শো প্রধানমন্ত্রীর!

বৈশাখের তপ্ত সন্ধ্যায় উত্তর কলকাতার রাজপথে কার্যত সুনামিতে রূপ নিল গেরুয়া ঝড়! দ্বিতীয় দফা নির্বাচনের আগে শহরবাসীর মন জিততে রবিবার খাস কলকাতায় রাজকীয় রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্নার মোড়— গোটা এলাকা এদিন মোদি-ময় হয়ে উঠেছিল।

মায়ের আশীর্বাদ নিয়ে শুরু যাত্রা

এদিন প্রচারের শুরুতেই উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। দেবী দর্শনের পর কপালে তিলক কেটে বেরিয়ে আসেন তিনি। এরপরই শুরু হয় বহু প্রতীক্ষিত সেই রোড-শো। সুসজ্জিত গাড়িতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সামনেই পা মেলালেন মানিকতলার প্রার্থী তাপস রায়।

কলকাতার ইতিহাসে মোদি

বিকে পাল অ্যাভিনিউ থেকে গ্রে স্ট্রিট হয়ে যখন প্রধানমন্ত্রীর কনভয় এগিয়ে চলছিল, রাস্তার দু’ধারে তখন তিল ধারণের জায়গা নেই। কলকাতার থিয়েটার সংস্কৃতি আর ঋষি অরবিন্দের স্মৃতিবিজড়িত এই প্রাচীন রাস্তায় মোদিকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন আবালবৃদ্ধবণিতা। প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন।

বাংলার জন্য ত্যাগ!

এদিন এক বিশেষ তাৎপর্যপূর্ণ তথ্য সামনে এসেছে। আজ গুজরাটে পুরসভা নির্বাচন থাকলেও, বাংলার প্রচারের তাগিদে আমেদাবাদে ভোট দিতে যেতে পারেননি মোদি। গণতন্ত্রের উৎসব পালনে তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা তাঁর ‘পাখির চোখ’ যে বাংলা— তা আরও একবার স্পষ্ট করে দিল।

বিজেপির হাতিয়ার যখন একাধিক ইস্যু

২১-এর বিধানসভায় ৭৭-এ আটকে গেলেও এবার এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ গেরুয়া শিবির। আজকের মেগা শো-তে প্রধানমন্ত্রীর নিশানায় ছিল একাধিক ইস্যু:

  • দুর্নীতি ও সিন্ডিকেট রাজ: তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ।

  • সুরক্ষা ও বিচার: আরজি কর কাণ্ড থেকে শুরু করে সল্টলেক স্টেডিয়ামে মেসিকাণ্ড— বিচারের দাবিতে সুর চড়ান তিনি।

  • অনুপ্রবেশ ও নাগরিকত্ব: মতুয়াদের নাগরিকত্ব ইস্যু নিয়ে এদিনও তৃণমূলকে বিঁধেছেন মোদি।