ভূস্বর্গে যাওয়ার পথে বড় ধামাকা! ৩০ এপ্রিল থেকে শুরু জম্মু-শ্রীনগর বন্দে ভারত, এবার সফর হবে সুপারফাস্ট!

পর্যটকদের জন্য খুলে গেল ভূস্বর্গের নয়া দুয়ার। জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থায় এক ঐতিহাসিক অধ্যায় শুরু হতে চলেছে চলতি মাসেই। উত্তর রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল থেকে জম্মু ও শ্রীনগরের মধ্যে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জম্মু স্টেশন থেকে এই হাইস্পিড ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
অমরনাথ যাত্রীদের জন্য বড় উপহার:
আগামী ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে পবিত্র অমরনাথ যাত্রা। তার ঠিক আগেই এই ট্রেন পরিষেবা শুরু হওয়াতে খুশি দেশের কোটি কোটি তীর্থযাত্রী। এখন থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে পুণ্যার্থীরা প্রথমে জম্মুতে পৌঁছে সেখান থেকে বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে সরাসরি শ্রীনগরে পৌঁছে যেতে পারবেন। পর্যটকদের বাড়তি ভিড় সামলাতে এই রুটে ২০ কামরার বিশাল বন্দে ভারত চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল।
একশো বছরের স্বপ্ন পূরণ:
কাশ্মীরকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে যুক্ত করার স্বপ্ন ছিল শতবর্ষ প্রাচীন। ২০২৫ সালের ৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন চলাচলের উদ্বোধন করে সেই স্বপ্নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার জম্মু-শ্রীনগর রুটে সেমি-হাইস্পিড বন্দে ভারত চালু হওয়া সেই সাফল্যে নয়া পালক যোগ করল। বর্তমানে কাটরা ও শ্রীনগরের মধ্যে যে দুটি বন্দে ভারত চলে, সেগুলোর পরিষেবাও জম্মু পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে।
জাতীয় সড়কের বিকল্প:
খারাপ আবহাওয়ার কারণে অনেক সময় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়, ফলে পর্যটকরা চরম সমস্যায় পড়েন। রেল আধিকারিকদের মতে, ট্রেন পরিষেবা চালু হওয়ায় এখন দুর্যোগের সময়েও যাতায়াত বিচ্ছিন্ন হবে না। যদিও জাতীয় সড়কের গুরুত্ব কমছে না, তবে ট্রেন পরিষেবা সাধারণ যাত্রী ও পর্যটকদের জন্য এক শক্তিশালী এবং আরামদায়ক বিকল্প হিসেবে উঠে এল।
সারা বছর উপত্যকার সঙ্গে নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ বজায় রাখতে এই ‘উধমপুর–শ্রীনগর–বারামূলা রেল লিঙ্ক’ প্রকল্পটি গেম-চেঞ্জার হতে চলেছে। আপনিও যদি এই গরমে কাশ্মীরের বরফ দেখার পরিকল্পনা করেন, তবে বন্দে ভারতের টিকিট বুক করতে দেরি করবেন না!