ফ্লাইট টিকিটে বাম্পার সাশ্রয়! এবার ChatGPT-ই খুঁজে দেবে সবথেকে সস্তা টিকিট, জেনে নিন জাদুকরী ট্রিকস

ফ্লাইট টিকিট বুক করার আগে বিভিন্ন ট্রাভেল অ্যাপে বারবার দাম যাচাই করে ক্লান্ত? আপনার এই দীর্ঘদিনের সমস্যার সমাধান নিয়ে এল জনপ্রিয় এআই চ্যাটবট ChatGPT। বিশ্বখ্যাত ট্রাভেল প্ল্যাটফর্ম Skyscanner-এর সঙ্গে জোট বেঁধেছে তারা। এখন থেকে ব্যবহারকারীরা আলাদা করে ফিল্টার বা একাধিক পেজ না ঘেঁটেই সরাসরি চ্যাটের মাধ্যমে ফ্লাইটের সুলুকসন্ধান পাবেন। সবচেয়ে বড় খবর হলো, এই ফিচারটি এখন ভারতের ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সার্চ নয়, যেন ব্যক্তিগত ট্রাভেল এজেন্ট!
একে সাধারণ সার্চ টুলের চেয়ে বরং একজন ব্যক্তিগত সহকারীর মতো মনে হবে। আপনি শুধু চ্যাটে টাইপ করবেন আপনি কোথায় যেতে চান, আর ChatGPT নিমিষের মধ্যে Skyscanner-এর ডেটাবেস থেকে সবথেকে কম দামের এবং সুবিধাজনক ফ্লাইটের তালিকা আপনার সামনে হাজির করবে। এর জন্য আপনাকে বারবার অ্যাপ পাল্টানোর ঝামেলা পোহাতে হবে না। Skyscanner জানিয়েছে, তারা ভবিষ্যতে শুধু ফ্লাইটে সীমাবদ্ধ না থেকে ভ্রমণ পরিকল্পনার অন্যান্য ক্ষেত্রেও এআই ব্যবহারের ওপর কাজ করছে।

কীভাবে ব্যবহার করবেন এই ফিচার? (স্টেপ-বাই-স্টেপ গাইড)
ChatGPT ব্যবহার করে সস্তা টিকিট খুঁজে পেতে অনুসরণ করুন এই সহজ ধাপগুলো:

ধাপ ১: আপনার ফোনের ChatGPT অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন এবং লগ-ইন করুন।

ধাপ ২: অ্যাপের নিচে বাম দিকে থাকা প্লাস (+) আইকনে ট্যাপ করুন।

ধাপ ৩: একটু নিচে স্ক্রোল করলেই ‘Explore Apps’ অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

ধাপ ৪: সার্চ বারে গিয়ে ‘Skyscanner’ টাইপ করুন এবং সার্চ রেজাল্টে আসা নামের ওপর ক্লিক করুন।

ধাপ ৫: এবার ‘Connect’ অপশনে ক্লিক করলেই Skyscanner আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে।

ধাপ ৬: ব্যস, কেল্লাফতে! এবার চ্যাটে লিখে আপনার গন্তব্য ও তারিখ জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাই খুঁজে দেবে সেরা ডিল।