বালিগঞ্জে হেভিওয়েট লড়াইয়ের মাঝে ‘বুম্বাদা’র দুয়ারে বাম প্রার্থী! প্রসেনজিতের আশীর্বাদ নিয়ে কী বললেন আফরিন?

প্রথম দফার ভোট মিটতেই বঙ্গের নজর এখন দ্বিতীয় দফার দিকে। আর এই হাই-ভোল্টেজ লড়াইয়ের ময়দানে প্রচারের এক অভিনব ছবি ধরা পড়ল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিপরীতে বামেদের তরুণ তুর্কি আরফিন শিল্পী পৌঁছে গেলেন স্বয়ং টলিউডের ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্দরমহলে।
বুম্বাদার সাথে সাক্ষাৎ ও লড়াইয়ের বার্তা
শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে রীতিমতো চমকে দিয়েছেন সিপিআইএম প্রার্থী আফরিন। ছবিতে দেখা যাচ্ছে, বাংলার সুপারস্টারের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। আফরিন লিখেছেন, “বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আমার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। আজ ওনার ওয়ার্ডে প্রচারের সময় দেখা করে এলাম। ওনার আশীর্বাদ আমাদের এই লড়াইয়ের পথ আরও সুদৃঢ় করবে।”
ছাত্র রাজনীতি থেকে বিধানসভা: আফরিনের উত্থান
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও SFI-এর লড়াকু মুখ আফরিন শিল্পী বাম রাজনীতির নবীন প্রজন্মের অন্যতম সেনাপতি। মাত্র ২৯ বছর বয়সেই দলের বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। বালিগঞ্জের মতো হাই-প্রোফাইল আসনে যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ঝানু রাজনীতিক শোভনদেব চট্টোপাধ্যায়, সেখানে আফরিনের সাবলীল বক্তব্য এবং জনসংযোগ নতুন সমীকরণ তৈরি করছে।
কেন চর্চায় এই তরুণী?
বালিগঞ্জের অলিগলি চষে ফেলা আফরিন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। একদিকে যখন রাজনৈতিক লড়াই তুঙ্গে, তখন এলাকার বাসিন্দা হিসেবে টলিউডের সুপারস্টারের আশীর্বাদ নেওয়াকে আফরিনের এক মাস্টারস্ট্রোক হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। বুম্বাদার এই ‘আশীর্বাদ’ ব্যালট বক্সে কতটা প্রতিফলন ঘটায়, এখন সেটাই দেখার।