মমতার হয়ে ভবানীপুরে প্রচারে নামছেন কেজরিওয়াল, জেনেনিন কবে?

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতির সমীকরণ আরও একবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে নিজের জয় নিশ্চিত করতে এবং বিরোধী শিবিরের মোকাবিলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে বাংলায় প্রচারের জন্য আমন্ত্রণ জানালেন তৃণমূল নেত্রী। দিল্লির আপ নেতৃত্ব সূত্রে খবর, আগামী ২৬ ও ২৭ এপ্রিল শহর কলকাতায় তৃণমূলের হয়ে প্রচারে ঝড় তুলবেন কেজরিওয়াল।

ফোনে সংহতি বার্তা: ‘মোদীর হার নিশ্চিত’

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট মিটে যাওয়ার পরই এই বড় খবরটি সামনে এসেছে। এর আগে গত বুধবার খোদ অরবিন্দ কেজরিওয়াল নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, তিনি ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। কেজরিওয়াল লিখেছিলেন, “মমতাদিদির সঙ্গে কথা বলে পূর্ণ সমর্থন জানালাম। উনি গণতন্ত্র বাঁচানোর কঠিনতম লড়াই লড়ছেন। ইসিআই (ECI)-সহ সমস্ত সংস্থাকে অপব্যবহার করেও মোদীজি এবার হারবেন।”

ভবানীপুরে নজরকাড়া লড়াই: মমতা বনাম শুভেন্দু

আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এই দফার অন্যতম হাই-ভোল্টেজ কেন্দ্র হলো দক্ষিণ কলকাতার ভবানীপুর। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রেস্টিজ ফাইট বা মর্যদার লড়াইয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে বিজেপিকে এক কড়া বার্তা দিতে চাইছেন মমতা।

সফরের নির্ঘণ্ট ও কর্মসূচি

তৃণমূল সূত্রের খবর, দু’দিনের এই সফরে কেজরিওয়াল একাধিক রোড-শো ও জনসভায় অংশ নিতে পারেন। বিশেষ করে ভবানীপুরের মতো অবাঙালি অধ্যুষিত এলাকায় কেজরিওয়ালের উপস্থিতি তৃণমূলের ভোটব্যাঙ্কে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও মমতার হয়ে বাংলায় প্রচার করেছেন।