ভোট মিটতেই ছাত্রছাত্রীদের জন্য বড় খবর! মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ জানাল সংসদ

বাংলায় ভোটের উত্তাপের মাঝেই স্বস্তির খবর নিয়ে এল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ। আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল।
কখন ও কোথায় জানা যাবে রেজাল্ট?
শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ মে সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর ঠিক সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। সংসদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও পরীক্ষার্থীরা টিভি৯ বাংলা ডিজিটালে দ্রুততার সঙ্গে তাঁদের ফল দেখে নিতে পারবেন।
একনজরে এ বছরের পরীক্ষা:
পরীক্ষার্থীর সংখ্যা: প্রায় ৭ লক্ষ ১০ হাজারেরও বেশি।
পরীক্ষার ধরণ: এবারই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি পুরনো বার্ষিক পদ্ধতিতেও পরীক্ষা নেওয়া হয়েছিল।
পরীক্ষা শেষ: গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়েছিল লিখিত পরীক্ষা।
মে মাসেই রেজাল্টের মেলা!
আগামী মে মাস বাংলার পড়ুয়াদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ, ঠিক তার ৪ দিন পর অর্থাৎ ৮ মে মাধ্যমিকের ফলাফল। আর মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর ঠিক ৬ দিনের মাথায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। সব মিলিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই চূড়ান্ত ব্যস্ততা শুরু হতে চলেছে শিক্ষা মহলে।