হরমুজ প্রণালী ফের বন্ধ করল ইরান, ভারতের জাহাজ নিয়ে বড় আপডেট

এক দিনের স্বস্তি কাটিয়ে ফের অশান্ত হয়ে উঠল বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালী’। আমেরিকার কড়া অবস্থানের পাল্টা হিসেবে শনিবার পুনরায় এই প্রণালীতে কড়া নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা জারি করল ইরান। ট্রাম্প প্রশাসন ইরানের ওপর থেকে অবরোধ সরাতে অস্বীকার করায় তেহরানও তাদের আগের সিদ্ধান্ত বদলে ফেলে এই চরম পদক্ষেপ নিয়েছে।
ট্রাম্প বনাম ইরান: সংঘাত তুঙ্গে শুক্রবার ইরান ঘোষণা করেছিল যে তারা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ খুলে দিচ্ছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানান, যতক্ষণ না ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তিতে আসছে, ততক্ষণ মার্কিন অবরোধ ‘ফুল ফোর্সে’ বহাল থাকবে। ট্রাম্পের এই বার্তার পরই ইরান দাবি করে, আমেরিকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইরানের সামরিক বাহিনীর স্পষ্ট বার্তা— যতদিন ইরানের বন্দরগুলির ওপর মার্কিন অবরোধ থাকবে, ততদিন হরমুজ দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচল সম্ভব নয়।
তেলের বাজারে বড় ধাক্কার আশঙ্কা বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। শুক্রবার তেলের দাম কিছুটা কমলেও, ইরানের নতুন নিষেধাজ্ঞায় ফের জ্বালানি সংকটের মেঘ ঘনিয়ে আসছে। সরবরাহ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ভারতের জন্য স্বস্তির খবর কী? হরমুজ প্রণালী ঘিরে বিশ্বজুড়ে অস্থিরতা থাকলেও ভারতের জন্য কিছুটা নমনীয় ইরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত স্পষ্ট করে জানিয়েছেন:
-
হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ভারতীয় জাহাজগুলির কাছ থেকে কোনও টোল ফি বা ট্রানজিট ফি নেওয়া হবে না।
-
ভারতীয় পণ্যবাহী জাহাজের যাতায়াত যাতে মসৃণ থাকে, সে বিষয়ে বিশেষ আশ্বাস দেওয়া হয়েছে। তবে মার্কিন নৌবাহিনী ইরানের দিকে যাওয়া জাহাজ ফেরত পাঠাতে শুরু করায় ভারতের বাণিজ্যে তার প্রভাব কতটা পড়বে, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।
শান্তি ফেরাতে সোমবার নজর ইসলামাবাদে পরিস্থিতি সামলাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। খবর অনুযায়ী, সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে একটি হাই-লেভেল বৈঠক হতে পারে। রবিবারই দুই দেশের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাতে পারেন বলে সিএনএন সূত্রে খবর।
গত ৭ সপ্তাহ ধরে চলতে থাকা এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।