ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় কীভাবে? জেনেনিয়ে থাকুন সতর্ক

স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত ছবি, ভিডিও, চ্যাট থেকে শুরু করে ব্যাঙ্কিংয়ের যাবতীয় গোপনীয় তথ্য—সবকিছুরই ঠাঁই হয় এই ছোট্ট ডিভাইসে। কিন্তু একটু অসতর্ক হলেই এই ব্যক্তিগত তথ্যগুলি কীভাবে মুহূর্তের মধ্যে বাইরে ফাঁস হয়ে যেতে পারে, তা অনেকেই বুঝতে পারেন না। অনেকেরই ধারণা, ফোন হ্যাক না হলে বুঝি ছবি বা ভিডিও চুরি হওয়া অসম্ভব। কিন্তু বাস্তবে ব্যবহারকারীর ছোটোখাটো কিছু অসতর্কতা এবং ভুলের কারণেই ঘটে যেতে পারে বড় বিপত্তি।
ফোনের গোপনীয় ডেটা ফাঁস হওয়ার প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হলো দুর্বল পাসওয়ার্ড। অনেকেই ফোন লক বা অনলাইন অ্যাকাউন্টে অত্যন্ত সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন, যা হ্যাকারদের কাজ সহজ করে দেয়। এছাড়া ফোনের স্বয়ংক্রিয় ক্লাউড ব্যাকআপ (Cloud Backup) সুরক্ষিত না থাকলে ফোন হাতবদল ছাড়াই ক্লাউড থেকে ব্যক্তিগত ছবি চুরি হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি, অফিসিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে থার্ড-পার্টি বা ক্ষতিকর অ্যাপ ইনস্টল করা এবং অপ্রয়োজনে স্টোরেজের অনুমতি দেওয়া অত্যন্ত বিপজ্জনক।
প্রতারকরা প্রায়ই ফিশিং লিংকের ফাঁদ পেতে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হাতিয়ে নেয়। অনেক সময় ফোন আনলক অবস্থায় অন্যের হাতে চলে যাওয়া কিংবা পুরোনো ফোন বিক্রির আগে সঠিকভাবে ফ্যাক্টরি রিসেট না করার কারণেও বড় বিপদ ডেকে আনে। এমনকি পাবলিক বা অপরিচিত কম্পিউটারে ফোন কানেক্ট করার সময় ডেটা ট্রান্সফারের অনুমতি দিলেও ব্যক্তিগত ফাইল চুরি হতে পারে।
এই ধরনের বিপর্যয় এড়াতে ফোন ও অনলাইন অ্যাকাউন্টে সবসময় শক্তিশালী পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখা উচিত। অপরিচিত লিংকে ক্লিক করা বা সন্দেহজনক অ্যাপ ইনস্টল থেকে বিরত থাকার পাশাপাশি নিয়মিত অ্যাপের পারমিশন চেক করা অত্যন্ত জরুরি। যত কম জায়গায় ব্যক্তিগত ছবি ও ভিডিও সংরক্ষণ করা হবে, ঝুঁকি ততটাই কমবে। সচেতনতাই হতে পারে আপনার ডিজিটাল নিরাপত্তার একমাত্র কবচ।