ভোটের মুখে থরথর কম্পন পুলিশ মহলে! সব থানার ওসির সঙ্গে জরুরি বৈঠকে কমিশন, আসছে বড় অ্যাকশন?

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর প্রথম দফার ভোট শুরুর আগেই এবার সরাসরি পুলিশ প্রশাসনের ওপর রাশ টানতে আসরে নামল নির্বাচন কমিশন। আজ, শনিবার সকাল থেকেই রাজ্যের সব থানার ওসি (OC) এবং আইসি-দের (IC) নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
কেন এই জরুরি তলব? কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোট যে যে থানার অধীনে পড়ছে, সেই প্রতিটি থানার ওসিদের এই বৈঠকে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক চললেও, এর গুরুত্ব অপরিসীম। বৈঠকে উপস্থিত রয়েছেন সংশ্লিষ্ট জেলার এসপি (SP), সিপি (CP) এবং নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভাররা।
কড়া বার্তার মুখে পুলিশ কর্তারা:
ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগে বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে কমিশন। আজকের বৈঠকে সেই প্রসঙ্গ তুলে ওছি-আইসিদের কড়া হুঁশিয়ারি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের দিন এলাকায় শান্তি বজায় রাখা এবং কোনোভাবেই যাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়েই ‘মাস্টার ক্লাস’ নেবেন মনোজ আগরওয়াল।
পোস্টাল ব্যালট নিয়ে নতুন নির্দেশিকা:
শুধু পুলিশি বৈঠকই নয়, ভোটকর্মীদের সুবিধার্থেও বড় পদক্ষেপ নিয়েছে কমিশন। পোস্টাল ব্যালট নিয়ে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে জেলা নির্বাচন আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটগ্রহণের ৩ দিন আগে থেকে ১ দিন আগে পর্যন্ত ফ্যাসিলিটেশন সেন্টারে পোস্টাল ব্যালটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ডিস্ট্রিবিউশন সেন্টারেও ভোট দেওয়ার সুযোগ রাখতে হবে।
সব মিলিয়ে, প্রথম দফার ভোটের আগে প্রশাসনকে নিশ্ছিদ্র করতে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। এখন দেখার, কমিশনের এই কড়াকড়িতে ভোটের ময়দানে কতটা প্রভাব পড়ে।