মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিগ আপডেট! ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ, জেনে নিন কোন দিন ও কখন দেখবেন রেজাল্ট

অবশেষে উৎকণ্ঠার অবসান। রাজ্য বিধানসভা নির্বাচনের উত্তেজনার মাঝেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুশির খবর শোনাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। পর্ষদের পক্ষ থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ৮ মে, ২০২৬ তারিখে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে।
ভোটের আবহেও দ্রুত প্রস্তুতি:
চলতি বছর রাজ্যে বিধানসভা নির্বাচন চলায় শিক্ষকদের একাংশ নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফলে সময়মতো খাতা দেখা শেষ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ঘোর সংশয়। কিন্তু সমস্ত বাধা কাটিয়ে পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৫ দিনের মাথায় রেজাল্ট বের করার লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় নির্ধারিত সময়ে ফল প্রকাশের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা-ই বাস্তবায়িত হতে চলেছে।
মাধ্যমিক ২০২৬: এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার সময়সীমা: ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি।
মোট পরীক্ষার্থী: ৯ লক্ষ ৭১ হাজারেরও বেশি।
ছাত্র বনাম ছাত্রী: ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি ছাত্র এবং ৪ লক্ষ ২৬ হাজারের বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিল।
পরীক্ষা কেন্দ্র: রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।
কখন এবং কীভাবে দেখা যাবে রেজাল্ট?
পর্ষদ জানিয়েছে, এপ্রিলের মধ্যেই সব বিষয়ের নম্বর জমা পড়ে গিয়েছে এবং বর্তমানে পুনরায় নম্বর যাচাইয়ের (Scrutiny) কাজ শেষ পর্যায়ে। আগামী ৮ মে ঠিক কটার সময় ফলাফল ঘোষণা হবে এবং কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে, তা পর্ষদের পক্ষ থেকে দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। রেজাল্ট প্রকাশের দিন থেকেই স্কুলগুলো থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা।
দীর্ঘ প্রতিক্ষার পর এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাদের পরিবার। নির্বাচনের ফলাফলের রেশ কাটতে না কাটতেই জীবনের প্রথম বড় পরীক্ষার ফল হাতে পেতে চলেছে বাংলার পড়ুয়ারা।