আম্বেদকর জয়ন্তীতে লখিমপুর খেরিতে রণক্ষেত্র! মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ভয়াবহ আগুন ও ভাঙচুর।

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মৈলানি থানা এলাকার অন্তর্গত বকেগঞ্জ গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের একটি মূর্তি ভাঙচুর করার খবর চাউর হতেই আম্বেদকর জয়ন্তীর দিনে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে বিশাল জনতা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে।

বিক্ষুব্ধ জনতা পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, একদল আন্দোলনকারী পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং কয়েকটি যানে অগ্নিসংযোগ করে। গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে প্রশাসন শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছে।

ঘটনার মূলে রয়েছে জমি সংক্রান্ত পুরনো বিবাদ। সূত্রের খবর, আম্বেদকর জয়ন্তীর সকাল থেকেই ওই গ্রামের দলিত গৌতম সমাজ এবং ভার্গব সমাজের মধ্যে উত্তেজনা চলছিল। একটি বিতর্কিত জমিতে গৌতম সমাজের পক্ষ থেকে বাবাসাহেব আম্বেদকরের মূর্তি স্থাপন করার তোড়জোড় শুরু হলে ভার্গব সমাজ তার তীব্র বিরোধিতা করে। এই নিয়ে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।