বিহারের নতুন ‘সম্রাট’! কত কোটির মালিক মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী? জানুন তাঁর শিক্ষাগত যোগ্যতা ও সম্পদের খতিয়ান

বিহারের মসনদে এবার বড় রদবদল। নীতীশ জমানার পরবর্তী অধ্যায়ে বিহারের ভাগ্যবিধাতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিজেপির দাপুটে নেতা সম্রাট চৌধুরী। তারাপুরের এই বিধায়ককে ঘিরে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। কিন্তু জানেন কি বিহারের এই নতুন মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত কিংবা তাঁর শিক্ষাগত যোগ্যতাই বা কী? ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে কমিশনের কাছে দেওয়া তাঁর হলফনামা থেকেই উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য।
মোট সম্পত্তির খতিয়ান
হলফনামা অনুযায়ী, সম্রাট চৌধুরী ও তাঁর স্ত্রী মমতা কুমারীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১১.৩১ কোটি টাকা।
-
সম্রাট চৌধুরীর নিজস্ব সম্পদ: ৯.২৯ কোটি টাকা।
-
স্ত্রী মমতা কুমারীর সম্পদ: ২.০১ কোটি টাকা।
-
নগদ ও গয়না: দম্পতির কাছে নগদ রয়েছে প্রায় ১.৭১ লক্ষ টাকা। এছাড়া দু’জনের কাছেই ২০ লক্ষ টাকা করে মোট ৪০ লক্ষ টাকার সোনা এবং ৭৫ হাজার টাকার রুপো রয়েছে।
স্থাবর সম্পত্তি ও বিনিয়োগ
মুঙ্গের জেলার লাখানপুর এবং খোদ পাটনা শহরেও সম্রাট চৌধুরীর বিপুল জমিজমা ও আবাসন রয়েছে। তাঁদের স্থাবর সম্পত্তির মোট বাজারমূল্য প্রায় ৯.৩০ কোটি টাকা। এছাড়াও বিভিন্ন মিউচুয়াল ফান্ড, শেয়ার এবং বন্ডে প্রায় ৩২ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এই দম্পতি। সম্রাট চৌধুরী নিজেকে একজন ‘কৃষক’ হিসেবে পরিচয় দিলেও তাঁর স্ত্রী পেশায় একজন আইনজীবী।
শিক্ষাগত যোগ্যতা ও বিতর্ক
সম্রাট চৌধুরীর পড়াশোনা নিয়ে কম বিতর্ক হয়নি। তিনি তামিলনাড়ুর কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অফ লিট’ (সম্মানসূচক) ডিগ্রি অর্জন করেছেন। তবে নির্বাচনী আবহে ‘জন সুরাজ’-এর প্রশান্ত কিশোর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সম্রাট চৌধুরীর দাবি, তিনি একটি ‘প্রি-ফরমেশন কোর্স’ করেছেন যা মূলত তামিল ভাষার সঙ্গে সম্পর্কিত।