নিরামিষ দিনে অতিথি আপ্যায়নে সেরা চমক! কুমড়ো দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘ধোকার ডালনা’

নিরামিষের দিনে বাড়িতে হঠাৎ অতিথি চলে এলে কী রাঁধবেন, তা নিয়ে চিন্তার শেষ থাকে না। পনির বা সয়াবিন তো সবসময় বাড়িতে থাকে না, কিন্তু হাতে যদি থাকে সাধারণ কুমড়ো, তা দিয়েই তৈরি করে ফেলতে পারেন রাজকীয় এক পদ— কুমড়োর ধোকার ডালনা। ভাত, রুটি কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই এই পদটি দুর্দান্ত জমে যায়। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, তারাও এই রেসিপি একবার খেলে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবেন।
উপকরণ:
১ কাপ ছোলার ডাল (ভিজিয়ে রাখা), ৩-৪ টুকরো মিষ্টি কুমড়ো, ১ চা চামচ আদা কুচি, ৩-৪টি কাঁচালঙ্কা, ১ চা চামচ কালো জিরে, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ২ চামচ টম্যাটো বাটা, ১ চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ জিরে বাটা, স্বাদমতো নুন ও চিনি, এবং রান্নার জন্য পরিমাণমতো সর্ষের তেল।
প্রণালী:
প্রথমে ছোলার ডাল ভিজিয়ে রেখে আদা ও কাঁচালঙ্কা দিয়ে মিহি করে বেটে নিন। কুমড়ো গ্রেট করে বা মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে গ্রেট করা কুমড়ো ভেজে তাতে নুন, চিনি ও ডাল বাটা দিয়ে ভালো করে কষান যতক্ষণ না মণ্ড তৈরি হচ্ছে। এই মিশ্রণটি একটি থালায় ঢেলে সমান করে ছড়িয়ে দিন এবং ঠান্ডা হলে বরফি বা ধোকার আকারে কেটে নিয়ে লাল করে ভেজে তুলে রাখুন।
এবার কড়াইতে আবার তেল দিয়ে জিরে ও গরম মশলা ফোড়ন দিন। এতে টম্যাটো বাটা, আদা-লঙ্কা বাটা, হলুদ, ধনে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে অল্প গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা ধোকাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। নামানোর আগে সামান্য ঘি ও গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম সুস্বাদু কুমড়ো দিয়ে ধোকার ডালনা।