রেস্তোরাঁ ভুলে যাবেন! বাড়িতেই বানান তুলতুলে ‘চিকেন মালাই কাবাব’, রইল তৈরির সবথেকে সহজ পদ্ধতি

বাইরে খেতে গেলেই স্টার্টার হিসেবে আমাদের প্রথম পছন্দ থাকে সুস্বাদু ও নরম কাবাব। কিন্তু সবসময় কি আর বাইরে যাওয়া সম্ভব? চিন্তা নেই, রেস্তোরাঁর সেই একই স্বাদ এবার আপনি পাবেন আপনার নিজের রান্নাঘরেই। খুব অল্প উপকরণে এবং ঝটপট পদ্ধতিতে আজই বানিয়ে ফেলুন ডায়েট ফ্রেন্ডলি ‘চিকেন মালাই কাবাব’।
উপকরণ:
মালাই কাবাব বানাতে আপনার হাতের কাছে রাখতে হবে:
চিকেন (হাড় ছাড়া): ৫০০ গ্রাম (টুকরো করা)
টক দই: আধ কাপ
আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা: ১ টেবিল চামচ
মশলা: ধনে ও জিরে গুঁড়ো (১ টেবিল চামচ করে)
কাজু বাটা: ১ টেবিল চামচ
লেবুর রস: ১ চা চামচ
ফ্রেশ ক্রিম: ১ টেবিল চামচ
স্মোকি ফ্লেভারের জন্য: ১ চামচ ঘি, ৪টি লবঙ্গ ও এক টুকরো কাঠকয়লা
পরিবেশনের জন্য: মাখন ও নুন (স্বাদমতো)
প্রস্তুত প্রণালী:
১. ম্যারিনেশন: প্রথমে একটি বড় পাত্রে মাংসের টুকরোগুলো নিন। এতে দই, আদা-রসুন বাটা, লঙ্কা বাটা, কাজু বাটা, ফ্রেশ ক্রিম এবং সব গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন।
২. স্মোকি টুইস্ট: এবার ওই পাত্রের মাঝখানে একটি ছোট বাটি রাখুন। তাতে জ্বলন্ত কাঠকয়লা দিয়ে তার ওপর ঘি ও লবঙ্গ ছড়িয়ে দ্রুত ঢাকা দিয়ে দিন। এতে কাবাবে রেস্তোরাঁর মতো সেই কয়লার পোড়া গন্ধ (Smoky Flavour) আসবে।
৩. বিশ্রাম: ২ মিনিট পর ঢাকা খুলে কয়লার বাটিটি সরিয়ে নিন এবং মাংসের মিশ্রণটি অন্তত এক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।
৪. সেঁকে নেওয়া: ফ্রিজ থেকে বের করে মাংসের টুকরোগুলো গেঁথে নিন কাবাব স্টিক বা কাঠিতে। এবার গ্যাসের মাঝারি আঁচে ঘুরিয়ে ফিরিয়ে ৭-৮ মিনিট সেঁকে নিন।
৫. ফিনিশিং টাচ: মাংস সুসিদ্ধ হয়ে এলে ওপর থেকে গলানো মাখন ব্রাশ করে দিন। এতে কাবাব হবে নরম এবং আরও সুস্বাদু।
ব্যাস! আপনার ধোঁয়া ওঠা গরম গরম চিকেন মালাই কাবাব তৈরি। ওপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করুন।