পয়লা বৈশাখেই কালবৈশাখীর পূর্বাভাস! দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত গরম, কাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। তবে এই অস্বস্তি স্থায়ী হবে মাত্র কয়েক ঘণ্টা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাত পোহালেই অর্থাৎ বুধবার ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিন থেকেই আবহাওয়ার ভোল পাল্টাতে শুরু করবে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়ার সময় শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি করেছে। এর প্রভাবে আগামীকাল পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে আগামী ১৬ তারিখ অবধি হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গ কিন্তু আগে থেকেই ভিজছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। মোটের ওপর দেখা যাচ্ছে, প্রচণ্ড দাবদাহ নয়, বরং বৃষ্টির শীতল পরশ দিয়েই শুরু হতে চলেছে নতুন বাংলা বছর ১৪৩৩।