রবিবার হাওড়া ডিভিশনে ট্রেন বিভ্রাট! একটানা ৬ ঘণ্টা বন্ধ একাধিক লোকাল, তালিকায় আপনার ট্রেনটি নেই তো?

রবিবার ছুটির দিনেও স্বস্তি নেই হাওড়া ডিভিশনের ট্রেন যাত্রীদের। ব্যান্ডেল স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক ব্লকের কারণে আগামী ১২ এপ্রিল, রবিবার কয়েক ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। রেল সূত্রে খবর, এর জেরে বাতিল হতে চলেছে হাওড়া-বর্ধমান এবং হাওড়া-ব্যান্ডেল রুটের একগুচ্ছ লোকাল ট্রেন।
কখন বন্ধ থাকবে পরিষেবা?
রেল জানিয়েছে, রবিবার দুপুর ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত অর্থাৎ টানা ৬ ঘণ্টা এই ট্রাফিক ব্লক চলবে। ফলে দুপুরের ব্যস্ত সময়ে ট্রেন না পেয়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ পর্যটকরাও।
একনজরে বাতিল লোকালের তালিকা:
রেলের তরফে জানানো হয়েছে, নিম্নলিখিত ট্রেনগুলি রবিবার বাতিল থাকবে:
হাওড়া-বর্ধমান: ৩৭৬৫৭ ও ৩৭৮৩৫
হাওড়া-পাণ্ডুয়া: ৩৭৬১১
বর্ধমান-হাওড়া: ৩৭৮৩৪
ব্যান্ডেল-হাওড়া: ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩ ও ৩৭৫৪২
কাটোয়া-বর্ধমান: ৩৭৭৪৬, ৩৭৭৪৮ ও ৩৭৭৫২
অন্যান্য: ৩৭৬১৪ (পাণ্ডুয়া-হাওড়া), ৩৭৬৫৮ (মেমারি-হাওড়া) এবং ৩৭৫৪১ (নৈহাটি লোকাল)।
দেরিতে চলবে যে সব ট্রেন:
শুধুমাত্র বাতিল নয়, বেশ কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
হাওড়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার (৫৩০০১): বিকেল ৪টে ৫ মিনিটের পরিবর্তে আধ ঘণ্টা দেরিতে ৪টে ৩৫ মিনিটে ছাড়বে।
হাওড়া-কাটোয়া লোকাল (৩৭৯১৭): এই ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে চলবে।
রেল কর্তৃপক্ষের পরামর্শ:
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থেই এই রক্ষণাবেক্ষণ জরুরি। তবে ছুটির দিনে এতগুলো ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়বেন যাত্রীরা। তাই যাতায়াতের আগে রেলের সময়সূচি দেখে এবং হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর অনুরোধ জানানো হয়েছে।