বড় ঘোষণা: শিক্ষকদের মুখে হাসি ফোটাচ্ছেন মমতা! বকেয়া ডিএ নিয়ে এল দারুণ আপডেট, কবে মিলবে টাকা?

আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মাঝেই রাজ্যের সরকারি কর্মচারী ও বিশেষত শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি করার পর এবার বিশেষভাবে শিক্ষক মহলের ক্ষোভ প্রশমনে বড় আশ্বাস দিলেন তৃণমূল সুপ্রিমো।
শিক্ষকদের জন্য বকেয়া ডিএ-র সুখবর:
হাড়োয়ার একটি নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ের বকেয়া মহার্ঘ ভাতা (DA) শীঘ্রই শিক্ষক-শিক্ষিকাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। দীর্ঘদিন ধরেই রাজ্যের শিক্ষকদের একটি বড় অংশের অভিযোগ ছিল যে, ডিএ সহ অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাঁরা বঞ্চনার শিকার। এই ক্ষোভের কথা মাথায় রেখেই ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বাজেটের ডিএ নিয়ে ধন্দ কাটবে কি?
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বর্ধিত ডিএ ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়ায় কর্মীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে হাড়োয়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর এদিনের আশ্বাস সেই শঙ্কা কাটিয়ে নতুন আশা জোগাচ্ছে।
রাজনীতির সমীকরণ ও কেন্দ্রের চাপ:
বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে যে রাজ্য ডিএ দিতে গড়িমসি করছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন লাগু হবে। এর জবাবে তৃণমূল সরকার ইতিমধ্যেই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করার পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পাওনা গণ্ডা বুঝিয়ে দেওয়ার কথা জানিয়েছে।
শিক্ষক মহলের প্রতিক্রিয়া:
শিক্ষক সংগঠনগুলোর একটি বড় অংশ হুঁশিয়ারি দিয়েছিল যে বকেয়া ডিএ না পেলে তার প্রভাব ভোটবাক্সে পড়বে। মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণার পর শিক্ষিকমহলের একাংশ কিছুটা স্বস্তি প্রকাশ করলেও, অনেকের মতে বিজ্ঞপ্তির মাধ্যমেই এর চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যাবে।