৩১ বছরে পা অনন্তের! বেঙ্গালুরুতে চলছে রাজকীয় পূজা, রোগীদের জন্য অবিশ্বাস্য সিদ্ধান্ত রিলায়েন্স কর্তার

আগামী ১০ এপ্রিল ৩১ বছরে পদার্পণ করতে চলেছেন মুকেশ-পুত্র অনন্ত আম্বানি। এই শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে বেঙ্গালুরু ও কোয়েম্বাটুরে দুটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আম্বানি পরিবারের পক্ষ থেকে বেঙ্গালুরুর বিখ্যাত রাজরাজেশ্বরী মন্দির ও আশ্রমে আয়োজন করা হয়েছে সংকল্প পূজার। বর্তমানে সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে, যা শেষে গুরুজি ভক্তদের উদ্দেশে বিশেষ আশীর্বাণী প্রদান করবেন।
তবে আধ্যাত্মিকতার পাশাপাশি সেবামূলক কাজেও নজির গড়েছেন অনন্ত। নিজের জন্মদিন উপলক্ষে তিনি কোয়েম্বাটুরের গঙ্গা স্পাইন ইনজুরি ফাউন্ডেশনকে (GSIF) বড়সড় আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। এই অনুদানের ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীরা অন্তত ৫০ দিন সম্পূর্ণ বিনামূল্যে পুনর্বাসন পরিষেবা পাবেন।
কী সুবিধা পাবেন রোগীরা?
GSIF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় রোগীরা ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, হুইলচেয়ার ব্যবহারের প্রশিক্ষণ, মানসিক কাউন্সেলিং এবং পেশাগত পুনর্বাসনের সুবিধা পাবেন। লক্ষ্য একটাই—দুর্ঘটনায় চলৎশক্তি হারানো রোগীদের পুনরায় সম্মানের সঙ্গে সমাজে ফিরিয়ে আনা। জন্মদিনের আগে অনন্তের এই মানবিক সিদ্ধান্ত নেটপাড়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।