ভোটার লিস্টে নাম কই? খড়গপুরে মেজাজ হারালেন দিলীপ! কাঠগড়ায় তৃণমূলের BLO!

খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যেখানেই যান, বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী হয়ে ঘোরে। বুধবার সকালে খড়গপুরের ৮ নম্বর ওয়ার্ডের রাজগ্রামে প্রচারে বেরিয়ে তেমনই এক অস্বস্তিকর এবং বিতর্কিত পরিস্থিতির মুখে পড়লেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ এবং অভিনেত্রী-সাংসদ জুন মালিয়াকে নিয়ে তাঁর শ্লেষাত্মক মন্তব্য—সব মিলিয়ে সরগরম মেদিনীপুরের রাজনীতি।
SIR বিভ্রাট ও দিলীপের অস্বস্তি
এদিন সকালে রাজগ্রামে প্রচার চলাকালীন এক স্থানীয় বাসিন্দা সরাসরি দিলীপ ঘোষের পথ আটকান। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর বাবা, মা এবং স্ত্রীর নাম ভোটার তালিকায় থাকলেও, তাঁর নাম ‘বিচারাধীন’ তালিকায় ছিল। মঙ্গলবার বিএলও (BLO) ফোন করে তাঁকে জানিয়েছেন যে তাঁর নাম তালিকা থেকে বাদ পড়েছে। কেন তিনি ভোট দিতে পারবেন না, এই প্রশ্নে দিলীপ ঘোষকে কিছুটা অপ্রস্তুত দেখায়। তবে সামলে নিয়ে দিলীপ পালটা তোপ দাগেন তৃণমূলের দিকে। তাঁর দাবি, “তৃণমূলের বিএলও-রাই ইচ্ছে করে গন্ডগোল করেছে, কাগজ জমা দেয়নি। মা-বাবার নাম থাকলে ছেলের নাম থাকবে না কেন? আপনারা ট্রাইব্যুনালে যান বা অনলাইনে আবেদন করুন।”