গ্যাস বুকিং করলেই অ্যাকাউন্ট সাফ! মধ্যপ্রাচ্য যুদ্ধের আবহে এলপিজি গ্রাহকদের নতুন ফাঁদ

একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে গ্যাসের আকাল, আর সেই সুযোগকেই হাতিয়ার করছে সাইবার অপরাধীরা। এলপিজি (LPG) বুকিং নিয়ে দেশজুড়ে বড়সড় জালিয়াতি চক্র সক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জালিয়াতির নতুন এই ছক মূলত শুরু হচ্ছে একটি আকর্ষণীয় মেসেজ বা ফোন কলের মাধ্যমে। গ্রাহকদের প্রলুব্ধ করতে বলা হচ্ছে— “গ্যাস বুকিংয়ে দারুণ ছাড় পান” অথবা “ভিআইপি কোটায় বুকিং করলে আগে সিলিন্ডার পাবেন”।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অপরাধীরা হুবহু আসল ওয়েবসাইটের মতো দেখতে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে। এছাড়া হোয়াটসঅ্যাপে পাঠানো লিঙ্কে ক্লিক করলেই গ্রাহকের কাছ থেকে ওটিপি (OTP), ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা ইউপিআই পিন চাওয়া হচ্ছে। একবার এই গোপন তথ্য তাদের হাতে চলে গেলেই নিমেষে খালি হয়ে যাচ্ছে গ্রাহকের সঞ্চিত অর্থ। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক ও গ্যাস ডিস্ট্রিবিউটাররা স্পষ্ট জানিয়েছেন, কোনও কোম্পানি ফোন করে গ্রাহকের পিন বা ওটিপি জানতে চায় না। নিরাপদ থাকতে সর্বদা কোম্পানির নিজস্ব ভেরিফাইড অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও সন্দেহজনক কল এলে তৎক্ষণাৎ স্থানীয় সাইবার ক্রাইম অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।