১ এপ্রিল থেকে আমূল বদলে যাচ্ছে প্যান ও আয়করের নিয়ম! ১ জুলাইয়ের আগেই সেরে নিন এই কাজ, নইলে বিপদ

ক্যালেন্ডারের পাতায় মার্চ শেষ হতে আর মাত্র একদিন। ১ এপ্রিল থেকে ভারত প্রবেশ করতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষে। প্রতিবারের মতো এবারও বেশ কিছু নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। আয়কর আইনের আমূল সংস্কার থেকে শুরু করে এটিএম লেনদেন— সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও বাজেটে এর সরাসরি প্রভাব পড়তে চলেছে।
১. নতুন আয়কর আইন (Income Tax Act, 2025):
১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন আয়কর আইন ২০২৫। সবথেকে বড় চমক হল— নতুন কর কাঠামোয় (New Tax Regime) বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় এখন সম্পূর্ণ করমুক্ত। এছাড়া, পুরনো ও নতুন কর ব্যবস্থার জটিলতা কমিয়ে ‘অ্যাসেসমেন্ট ইয়ার’ এবং ‘ফিন্যান্সিয়াল ইয়ার’-এর বদলে একটি একক ‘ট্যাক্স ইয়ার’ (Tax Year) ধারণা আনা হচ্ছে।
২. প্যান কার্ডের নিয়মে কড়াকড়ি:
প্যান কার্ডের ক্ষেত্রে বড় আপডেট আসছে। এখন থেকে প্যান কার্ডে শুধুমাত্র আধার কার্ডে থাকা নামই ব্যবহার করা যাবে। এছাড়া নতুন প্যান আবেদনের ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড আর গ্রহণযোগ্য হবে না; সেক্ষেত্রে ভোটার আইডি, পাসপোর্ট বা জন্ম শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
৩. এটিএম ও ইউপিআই (UPI) লেনদেন:
ব্যাঙ্কিং পরিষেবায় আসছে বড় বদল। এখন থেকে UPI-ভিত্তিক এটিএম লেনদেনও আপনার মাসিক ‘ফ্রি ট্রানজ্যাকশন’ সীমার মধ্যে গণ্য হবে। এই সীমা পেরিয়ে গেলে প্রতি লেনদেনে অতিরিক্ত চার্জ (প্রায় ২৩ টাকা + GST) গুণতে হতে পারে।
৪. রান্নার গ্যাস ও জ্বালানি:
প্রতি মাসের ১ তারিখের মতো এবারও তেল বিপণন সংস্থাগুলো এলপিজি (LPG) সিলিন্ডারের দাম পর্যালোচনা করবে। বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ঘরোয়া রান্নার গ্যাসের দামও বাড়ার আশঙ্কা রয়েছে।
৫. অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন:
FASTag: ফাস্ট্যাগের বার্ষিক ফিতে সামান্য বৃদ্ধি হতে পারে।
শেয়ার বাজার: ডেরিভেটিভস বা F&O ট্রেডিংয়ের ক্ষেত্রে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বাড়তে চলেছে, যা ট্রেডারদের খরচ বাড়াবে।
HRA সুবিধা: আবাসন ভাড়ার ক্ষেত্রে পুনে, আহমেদাবাদ এবং বেঙ্গালুরুর মতো শহরগুলোকে এখন থেকে ‘মেট্রো সিটি’ হিসেবে গণ্য করা হবে, ফলে চাকরিজীবীরা ৫০% এইচআরএ (HRA) ছাড়ের সুবিধা পাবেন।