এসএসকেএমের ওপিডি-তে ঝুলন্ত দেহ উদ্ধার! আরজি করে লিফটের মরণফাঁদে বলি রোগীর আত্মীয়

কলকাতার চিকিৎসা পরিষেবার প্রাণকেন্দ্র এসএসকেএম এবং আরজি কর হাসপাতালে ঘটে গেল দুটি ভয়াবহ ঘটনা। এসএসকেএমের নিউ ওপিডি বিল্ডিংয়ের তিনতলা থেকে ইমরান সর্দার (২১) নামে এক সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। হাসপাতালের চুক্তিভিত্তিক এই কর্মীর মৃত্যু আত্মহত্যা না কি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘরটি ভিতর থেকে বন্ধ থাকায় প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা, তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে লালবাজার।

অন্যদিকে, আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে ঘটেছে এক শিউরে ওঠা দুর্ঘটনা। ছেলের চিকিৎসা করাতে এসে লিফটে আটকে মৃত্যু হল নাগেরবাজারের এক বাসিন্দার। পরিবারের অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা ধরে ওই ব্যক্তি লিফটের ভিতর আটকে ছিলেন। তাঁর স্ত্রী ও সন্তান বারবার চিৎকার করলেও কোনো লিফটম্যান বা হাসপাতাল কর্মীকে সাহায্যে পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও লিফটটি কেন চালু ছিল এবং কেন সেখানে কোনো লিফটম্যান ছিল না, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন রোগীর পরিজনরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো সদুত্তর মেলেনি।