যুবভারতীতে ম্যাকলারেন ম্যাজিক! ওড়িশাকে গোলের মালা পরিয়ে লিগ শীর্ষে মোহনবাগান

ঘরের মাঠে ফের একবার দাপুটে ফুটবল উপহার দিল মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-কে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আইএসএল ২০২৬-এর (ISL 2026) বিজয়রথ অব্যাহত রাখল সবুজ-মেরুন ব্রিগেড। সৌজন্যে অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। তাঁর বিধ্বংসী মেজাজে পর পর চার ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল সার্জিও লোবেরার ছেলেরা।

ম্যাচের শুরু থেকেই ওড়িশার রক্ষণকে নাস্তানাবুদ করতে থাকেন ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসরা। ১৪ মিনিটের মাথায় দিমিত্রির অনবদ্য ব্যাক হিল পাস খুঁজে নেয় শুভাশিস বোসকে। সেখান থেকে অধিনায়কের নিখুঁত ক্রস থেকে দর্শনীয় হেডে গোল করে বাগানকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। ঠিক দশ মিনিট পরেই অর্থাৎ ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ওড়িশার ওপর চাপ বাড়ান এই অজি স্ট্রাইকার।

৪২ মিনিটে ম্যাচে আসে সবথেকে সুন্দর মুহূর্তটি। বক্সের প্রায় ৪০ গজ দূর থেকে আলবার্তোর একটি জোরালো নিচু শট বুলেট গতিতে ওড়িশার জালে জড়িয়ে যায়। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার ঠিক পরের মিনিটেই (৪৩ মিনিট) রক্ষণের সামান্য ভুলে একটি গোল হজম করে মোহনবাগান। ওড়িশার হয়ে গোলটি শোধ করেন রহিম আলি। তবে এরপর ফের আক্রমণের ঝড় তুলে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মেরিনার্সরা। এই জয়ের ফলে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সিংহাসনে নিজেদের জায়গা আরও পোক্ত করল মোহনবাগান।