বিদেশের মাটিতে দ্রাবিড়-অশ্বিন জুগলবন্দি! এবার ইউরোপের ক্রিকেট লিগে দল কিনছেন দুই ভারতীয় মহাতারকা

ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন এবার নতুন ভূমিকায়। মাঠের লড়াই ছেড়ে এবার বিদেশের মাটিতে ক্রিকেট সাম্রাজ্য বিস্তারে মন দিয়েছেন তাঁরা। বিবিসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, আসন্ন ‘ইউরোপীয় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে’ (ETPL) একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে চলেছে একটি ভারতীয় কনসর্টিয়াম, যার অন্যতম অংশীদার হতে চলেছেন দ্রাবিড় ও অশ্বিন। স্কটল্যান্ডের গ্লাসগো-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি কিনতে ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে খবর।
চলতি বছরের গ্রীষ্মকালেই আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডের সহযোগিতায় শুরু হতে চলেছে এই লিগ। মোট ছ’টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে গ্লাসগো দলের সঙ্গে দ্রাবিড়ের যুক্ত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ২০০৩ সালে স্কটল্যান্ডের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন তিনি। অন্যদিকে, ২০২৪-এ আন্তর্জাতিক ক্রিকেট ও ২০২৫-এ আইপিএল থেকে অবসর নেওয়া অশ্বিন এবার ব্যবসায়িক পিচে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন।
তারকাদের মেলা ইটিপিএল-এ: শুধুমাত্র দ্রাবিড়-অশ্বিন নন, এই লিগের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকানাতেও রয়েছে বিশ্বের তাবড় সব নাম। রটারড্যাম ফ্র্যাঞ্চাইজিটি কিনতে চলেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসি, হেনরিখ ক্লাসেন ও জন্টি রোডস। আমস্টারডাম দলের মালিকানায় থাকছেন অজি কিংবদন্তি স্টিভ ওয়া। এডিনবার্গের মালিকানা থাকছে কিউয়ি তারকা নাথান ম্যাককালাম ও কাইল মিলসের হাতে। এমনকি বেলফাস্ট দলের মালিক হিসেবে থাকছেন গ্লেন ম্যাক্সওয়েল। বলিউড অভিনেতা অভিষেক বচ্চনও এই লিগের অন্যতম অংশীদার হিসেবে যুক্ত রয়েছেন। চলতি মাসের শেষেই এই লিগ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।