আমদাবাদের ফাইনালে ইতিহাস বনাম বর্তমান: পরিসংখ্যানের বিচারে কে এগিয়ে, ভারত না নিউজিল্যান্ড?

প্রতীক্ষার আর মাত্র ৪৮ ঘণ্টা। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই অনেক চড়াই-উতরাই পেরিয়ে ট্রফির লড়াইয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। তবে মাঠের লড়াই শুরুর আগে ক্রিকেট প্রেমীদের নজর এখন দুই দলের অতীত পরিসংখ্যানের দিকে। খাতা-কলমে লড়াইয়ে কে এগিয়ে? জেনে নিন খুঁটিনাটি।

আইসিসি ইভেন্টে পাল্লা ভারী কাদের? যদি আইসিসি টুর্নামেন্টে (ওয়ানডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) সাদা বলের ক্রিকেটে দুই দলের দ্বৈরথ দেখা যায়, তবে লড়াই অত্যন্ত সমানে-সমানে। মোট ১৭ বার মুখোমুখি হওয়ার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯টি ম্যাচ, আর ভারতের দখলে ৮টি জয়। অর্থাৎ আইসিসি মঞ্চে কিউয়িরা সামান্য এগিয়ে।

নক-আউটের লড়াই: আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্বে এই নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে এই দুই দেশ। আগের পাঁচবারের সাক্ষাতেও কিউয়িরা এগিয়ে। ব্ল্যাক ক্যাপসরা ভারতকে ৩ বার নক-আউটে হারিয়েছে, বিপরীতে ভারত জয় পেয়েছে ২ বার।

টি-২০ বিশ্বকাপের ‘অভিশপ্ত’ রেকর্ড: সবচেয়ে বেশি দুশ্চিন্তার বিষয় হলো টি-২০ বিশ্বকাপের ইতিহাস। বিশ ওভারের এই মহাযুদ্ধে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড একেবারেই ভালো নয়। বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে ভারত এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে এবং প্রতিটিতেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। অর্থাৎ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের খাতা এখনও শূন্য।

আশার আলো: তবে সামগ্রিক আন্তর্জাতিক টি-২০ পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে। এ পর্যন্ত খেলা মোট ৩০টি টি-২০ ম্যাচের মধ্যে ভারত ১৮ বার জিতেছে এবং নিউজিল্যান্ড ১১ বার। ১টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। আমদাবাদের ঘরের মাঠে ১ লক্ষের বেশি নীল জার্সির সমর্থনে টিম ইন্ডিয়া কি পারবে এই ‘কিউয়ি-হিউ’ কাটিয়ে বিশ্বজয় করতে? উত্তর মিলবে রবিবার।