তালিকায় মৃতদের ভিড়? অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা, ভোট ঘোষণা হওয়ার আগেই ময়দানে নামছে ২৪০ কোম্পানি বাহিনী!

আসন্ন নির্বাচনের আগে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিতর্ক চরমে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৬১ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ (Under Scrutiny) ছিল। এর মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৭.৫ লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। গত বৃহস্পতিবার সাড় ৬ লক্ষ নামের ফয়সালা হলেও, এখনও ঝুলে রয়েছে প্রায় ৫৩.৫ লক্ষ ভোটারের ভাগ্য। এই বিপুল সংখ্যক ভোটারের নাম কবে চূড়ান্ত হবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
তৃণমূলের প্রতিবাদ ও মমতার ধরনা: ভোটার তালিকা থেকে প্রায় ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং সমসংখ্যক নাম ‘বিচারাধীন’ রাখার প্রতিবাদে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন। তাঁর দীর্ঘদিনের অভিযোগ, অনেক জীবিত ভোটারের নাম ‘মৃত’ তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কমিশনের সাফ বার্তা, “মৃত ভোটার নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমরা পদক্ষেপ নেব। রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট ব্যক্তি— যে কেউ এই অভিযোগ করতে পারেন।”
কমিশনের পালটা রণকৌশল: অভিযোগ নিষ্পত্তির কাজে গতি আনতে বড় পদক্ষেপ নিচ্ছে কমিশন। জানা গিয়েছে, শনিবার রাজ্যে আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার আসছেন, যাঁরা সোমবার থেকে কাজে যোগ দেবেন। এর ফলে রাজ্যে মোট জুডিশিয়াল অফিসারের সংখ্যা দাঁড়াবে ৭০৫।
নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী: অন্যদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে পৌঁছে যাচ্ছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সিআরপিএফ ১২০, বিএসএফ ৬৫, সিআইএসএফ ১৬, আইটিবিপি ২০ এবং এসএসবি ১৯ কোম্পানি থাকছে। ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে এবং জেলাগুলোতে এরিয়া ডমিনেশনের কাজ ইতিমধ্যেই শুরু করেছে এই বাহিনী।