উত্তরবঙ্গে দ্রৌপদী মুর্মু: শাল গাছ লাগিয়ে সাঁওতাল সম্মেলনের সূচনা করবেন রাষ্ট্রপতি, পাশে থাকবেন মমতাও!

রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। তবে সফরের আগের মুহূর্তে বদলে গেল পূর্বনির্ধারিত সূচি। শুক্রবার রাষ্ট্রপতির দার্জিলিং পাহাড়ে যাওয়ার কথা থাকলেও, আচমকাই সেই সফর বাতিল করা হয়েছে। বদলে শনিবার তিনি সরাসরি শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়ার বিধাননগরে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলনে যোগ দেবেন।
শনিবার ও রবিবার— দু’দিনব্যাপী এই সম্মেলন চলবে সন্তোষিণী হাইস্কুল মাঠে। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই এবং প্রকৃতির সঙ্গে আদিবাসীদের নিবিড় সম্পর্কের বার্তা দিতে রাষ্ট্রপতি নিজে হাতে শাল গাছ রোপন করে অনুষ্ঠানের সূচনা করবেন। এই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওঁরাও-এর উপস্থিত থাকার কথা রয়েছে।
কেন এই সফর গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু জানিয়েছেন, আদিবাসী সমাজের সংরক্ষণ, সংস্কৃতি, ভাষা এবং অর্থনৈতিক উন্নয়নের রোডম্যাপ তৈরি করতেই এই বার্ষিক সম্মেলনের আয়োজন। গত বছর অসমে অনুষ্ঠিত হলেও এবার পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নিজে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হওয়ায় তাঁর এই সফরকে ঘিরে ফাঁসিদেওয়ার আদিবাসী অধ্যুষিত এলাকায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
এদিকে, প্রশাসনিক স্তরে বড় পরিবর্তনের ছোঁয়া লেগেছে এই সফরে। রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার পদত্যাগ করায় সম্মেলনে তাঁর উপস্থিতি থাকছে না। নবনিযুক্ত রাজ্যপাল আর.এন. রবি এখনও দায়িত্বভার গ্রহণ না করায় রাষ্ট্রপতির এই সফরে রাজভবনের প্রতিনিধি নিয়ে ধোঁয়াশা রয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বিধাননগর এলাকা।